যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...

পিটার বাটলারের বিদায়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন এরিক মেয়ার। তবে দায়িত্ব পেয়েই দলের খেলার ধরন বদলে দেওয়ার পথে হাঁটছেন না নতুন কোচ। বরং পিটারের রেখে যাওয়া কৌশল ও অনুশীলনপদ্ধতির ধারাবাহিকতা বজায় রেখেই সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এরিক জানিয়েছেন, মাত্র দুই সপ্তাহ দলের সঙ্গে কাজ করে সবকিছু পরিবর্তন করা তার কাছে সম্ভাব্য সমাধান মনে হয়নি।

তিনি বলেন, ‘আমি সবকিছু বদলে ফেলতে যাচ্ছি না। মেয়েদের সঙ্গে আমরা যেভাবে কাজ করছি, তা প্রায় আগের মতোই আছে। আমরা সেটাই ধরে রেখেছি। আমরা কীভাবে খেলবো, সেভাবে দলকে গুছিয়েছি। এটা পিটার যা করছিলেন, প্রায় সেরকমই।’

দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট এরিক। তার মতে, বাংলাদেশের মেয়েদের টেকনিক্যাল দক্ষতা বেশ ভালো। আফ্রিকায় কাজ করার অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে তিনি বলেন, আফ্রিকার মেয়েরা সাধারণত শারীরিকভাবে বেশি শক্তিশালী ও লম্বা। তবে বাংলাদেশের মেয়েদের বলের ওপর নিয়ন্ত্রণ ও কারিগরি দক্ষতা প্রশংসনীয়।

এরিকের ভাষায়, ‘আফ্রিকার বেশিরভাগ মেয়ে শারীরিকভাবে বেশি শক্তিশালী। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মূল শক্তি টেকনিক্যাল দক্ষতা। বল পজেশন ও আক্রমণে ওঠার ক্ষেত্রে তাদের সামর্থ্য দেখতে ভালো লাগে। বাংলাদেশের মেয়েরা দ্রুতগতির, বলের ওপরও তাদের দারুণ দক্ষতা আছে।’

১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সহজভাবে দেখছেন না এই কোচ। প্রতিপক্ষ দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফলে এরিক সিঙ্গাপুরকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছেন।

তিনি বলেন, ‘ভাববেন না ম্যাচ সহজ হবে। এটা মোটেও সহজ ম্যাচ নয়। আমাদেরও মানসম্পন্ন খেলোয়াড় আছে। আমরা ম্যাচ জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের নিজস্ব কৌশল আছে, তা নিয়ে কাজ করছি।’

দুই সপ্তাহের অনুশীলনে মেয়েদের পারফরম্যান্সেও সন্তুষ্ট কোচ। তার মতে, ভালো ফল পেতে দলের মধ্যে একাত্মতা ও পরিবারের মতো পরিবেশ থাকা জরুরি। সবাই একই লক্ষ্যে কাজ করছেন, সেটিই তার কাছে সবচেয়ে ইতিবাচক দিক।

এখন তার সব মনোযোগ সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে।