আশরাফুলদের সঙ্গে ইউরোপিয়ান খেলোয়াড় এনে চ্যাম্পিয়ন হতে চাইছে আবাহনী

মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি ফেডারেশনের কার্যালয় গত কয়েক দিন ধরেই জমজমাট। অনেক দিন পর প্রিমিয়ার হকি লিগ শুরু হতে যাচ্ছে। তাই দলবদলকে সামনে রেখে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। আজ বৃহস্পতিবার দলবদলের দ্বিতীয় দিনে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে।

সর্বশেষ লিগ হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। প্রায় ২৬ মাস পর আবারও লিগ শুরুর দামামা বেজেছে। আগেরবার ভালো দল গড়েও আবাহনী চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার আটঘাট বেঁধেই নেমেছে তারা। গতবার খেলে যাওয়া ৮জনকে এবারও রেখে দিয়েছে। এছাড়া এই মুহূর্তে বড় তারকা ডিফেন্ডার মোহাম্মদ আশরাফুলকে মোহামেডান থেকে ছিনিয়ে এনেছে। মেরিনার্স থেকে এসেছেন গোলকিপার বিপ্লব কুজুর।

আবাহনীতে খেলার জন্য আগেই টোকেন নিয়ে আজ জমা দিয়েছেন রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন শিতুল, মেহরাব হোসেন, রোমান সরকার, আমান শরীফ, পুষ্কর খীসা মিমো, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হুজাইফা, বিপ্লব কুজুর, আশরাফুল ও বিপ্লবরা। মোট ১৫জন স্থানীয় খেলোয়াড় দলভুক্ত করেছে আকাশী-নীল জার্সিধারিরা।

আবাহনী এবার চ্যাম্পিয়ন ট্রফিতে চোখ রেখে দল গড়েছে। তাই বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে ভারত কিংবা পাকিস্তান নয় ইউরোপে চোখ তাদের। দলের উপদেষ্টা কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এবার ইউরোপ থেকে বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করছি। বিশেষ করে ঢাকায় যেসব জার্মানির খেলোয়াড় এসেছিল তাদেরকেই আনার চেষ্টা চলছে। সেজন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা একমির এক খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া হয়েছে। যেন ভালো খেলোয়াড় দলভুক্ত করা যায়। আমাদের লক্ষ্য এবার শিরোপায়। তাই সব পজিশনে ভালো খেলোয়াড় নিয়ে মাঠের লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন হতে চাই।’

দলটির কোচ এবারও থাকছেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার হেদায়তুল ইসলাম রাজীব। আবাহনীর নিজস্ব কমপ্লেক্সের কাজ চলায় হকি ফেডারেশনের হোস্টেল ভাড়া নিয়ে সেখানেই তারা অনুশীলনের পাশাপাশি খেলবে।