বিশ্বকাপ হকি সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল

প্রথমবারের মতো জুনিয়র  বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হবে ভারতের চেন্নাইয়ে। লাল সবুজ দলের প্রস্তুতি শুরু হবে ২৭ জুলাই।

হকি ফেডারেশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রাথমিক ক্যাম্পে ৪৫ জন খেলোয়াড়কে ডেকেছে। ২৬ জুলাই ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। কুপার টেস্টের মাধ্যমে পরের দিন থেকে শুরু হবে প্রস্তুতি।

২৪টি দেশ নিয়ে হবে বিশ্বকাপ। ভারত স্বাগতিক হিসেবে খেলবে সরাসরি। বাকি ২৩ দল উঠেছে বিশ্বের ৬টি আঞ্চলিক পর্বের লড়াই থেকে। ৬ গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে খেলবে দলগুলো। বাংলাদেশ পড়েছে 'এফ' গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

গত বছর নভেম্বর-ডিসেম্বরে ওমানে হওয়া জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।