দীর্ঘদিন পর (২০২৩ সালের পর) মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া প্রথম বিভাগ হকি লিগ। আজ মঙ্গলবার হকি ফেডারেশনের সভাকক্ষে নবগঠিত প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও প্রথম বিভাগ লিগ কমিটির চেয়ারম্যান হারুন-অর-রশিদ। সভায় প্রথম বিভাগ হকি লিগের ও ফেডারেশনের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিগত দিনে বিভিন্ন কারণে ক্লাবগুলোর মাঝে খেলতে অনীহা দেখা দিলেও, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম ডাকেই ক্লাবগুলো ইতিবাচক সাড়া দেয়। ক্লাবগুলোর পক্ষ থেকে প্রতিটি দলকে ৫ লাখ টাকা করে আর্থিক অনুদানের দাবি জানানো হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের পক্ষ থেকে এককালীন এত বড় অংকের অর্থ দেওয়া সম্ভব না হলেও, হকিকে মাঠে ফেরাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রতিটি ক্লাবকে ২ লাখ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ইচ্ছা পোষণ করেন। ফেডারেশনের এই আন্তরিক প্রস্তাবে আশ্বস্ত হয়ে লিগে অংশগ্রহণকারী ১১টি ক্লাবই খেলায় ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর লিগের খেলোয়াড় দলবদলের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে খেলা মাঠে গড়াবে। বিদেশি খেলোয়াড় থাকছে না, আর খেলা হবে সিঙ্গেল লিগে।