ইনডোর স্টেডিয়ামে কাজ করছে না এসি, গরমে কাহিল সবাই!

শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে মহানগর টেবিল টেনিস লিগ। বড় টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও তাতে দেখা গেলো বিপত্তি। ইনডোর স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিকমতো কাজ না করায় প্রচণ্ড গরমে নাকাল হতে হয়েছে সোনাম সুলতানা সোমা-মানস চৌধুরীদের!

স্টেডিয়ামের ভেতর এসি ঠিকমতো কাজ না করায় এর প্রভাব পড়ে খেলোয়াড়দের পারফরম্যান্সে। তীব্র গরমে তখন টিকে থাকাই কঠিন। লিগে পুলিশের হয়ে খেলা সোনাম সুলতানা সোমা বাংলা ট্রিবিউনকে পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, ‘এবারের মতো খারাপ পরিস্থিতিতে কখনো খেলিনি। দেখছি এসি চলছে কিন্তু কাজ করছে না। এই এসি চলা, না চলা একই কথা। গরমের মধ্যে খেলতে গিয়ে স্বাভাবিক পারফরম্যান্স দেখানোই কঠিন হয়ে পড়ছে।’ 

সাম্প্রতিক সময়ে একাধিক সংস্কার কাজ হয়েছে তাজউদ্দীন আহমেদ স্টেডিয়ামে। যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের। এমন ঘটনায় বিব্রত ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ, ‘প্রকৌশলীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যখন সংস্কার করা হয়েছিল এসির এই বিষয়টি তাদের সংস্কারের তালিকায় ছিল না। ফেডারেশন যদি চায় তাহলে তারা টুর্নামেন্ট স্থগিত রাখতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছি, এই গরমে স্টেডিয়ামের ভেতর খেলা বেশ কঠিন। গুমোট পরিবেশে দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়।’