ছেলেরা নিয়মিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট অংশ নিচ্ছে। সেই জায়গায় মেয়েদের খেলার সুযোগ কম। তবে অনেক দিন পর আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে মেয়েরা। নেপালের কাঠমান্ডুতে আগামী ২২-২৮ মে এশিয়ান সেন্ট্রালজোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ হবে। সেখানে অংশ নেওয়ার জন্য কাল শনিবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী দল।
এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কিরগিজস্তান, মালদ্বীপ, কাজাখস্তান এবং স্বাগতিক নেপাল।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছে ভলিবল ফেডারেশন। দলের সঙ্গে কোচ ও কর্মকর্তা মিলিয়ে যাচ্ছেন আরও ছয়জন।
নেপালগামী দলের সদস্যরা হলেন- শাহিদা পারভীন, লাভনী খাতুন, সাবিনা খাতুন, আফসানা মীম মুন্নী, রুবিনা সুলতানা রানু, আজমীরা খাতুন, শম্পা আক্তার, টুম্পা আক্তার, মোসা. আশা, দিতি রানী সরকার ও তাকফিয়া আক্তার।