অলিম্পিকে সাগরকে ঘিরে যত প্রত্যাশা

বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমস ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে। প্যারিসে উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী প্রতিটি দেশ মার্চ-পাস্টে অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ দলের হয়ে লাল সবুজ পতাকা বহন করবেন আর্চার সাগর ইসলাম।

প্যারিস অলিম্পিককে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন করেছে। সেখানেই জানানো হয় এমন তথ্য।

বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আর্চার সাগর ইসলামকে বাছাই করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘আর্চার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহন করার জন্য নির্বাচিত করেছি।’

সাগরকে ঘিরে প্রত্যাশাও বেশি। শাহেদ রেজর ভাষায়, ‘আশা করছি, ক্রীড়াবিদরা ভালো করবে, সম্মানজনক ফল বয়ে আনবে। সাগর সেরা আটে যেতে পারলে ভালো। ওর মধ্যে সম্ভাবনা আছে।’

পাশে বসে সহ-সভাপতি শেখ বশির আহমেদ বলেছেন, ‘আমরা আশাবাদী সাগর সেরা ফল করবে। ওর কোচসহ আমরা সবাই আশাবাদী। পদক জয়ের কাছাকাছি যেতে পারলে সবাই খুশি হবো। এছাড়া অন্য যারা আছে, তারাও ভালো করবে বলে বিশ্বাস আছে।’

সাগর উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা গৌরবের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাকে এই সুযোগ দেওয়ায় তাদের ধন্যবাদ।’

প্যারিস অলিম্পিকে আর্চার সাগর, দুই সাঁতারু সোনিয়া আক্তার ও রাফিউল ইসলাম, শ্যুটার রবিউল ইসলাম ও অ্যাথলেট ইমরানুর রহমান অংশগ্রহণ করছেন।