অলিম্পিকে মিস করে পিছিয়ে পড়লেন সাগর

প্যারিসের ইনভেলিদেসের আর্চারি মাঠে সাগর ইসলামকে কোচ মার্টিন ফ্রেডরিক কিছু একটা বোঝাচ্ছিলেন। তপ্ত দুপুরে তখন র‌্যাঙ্কিং রাউন্ডের জন্য ছিল সব পরামর্শ। তবে ঘণ্টা দুয়েকের লড়াইয়ে এক ভুলে সাগর পিছিয়ে পড়লেন। ৭২ জনের মধ্যে হলেন ৪৫ তম! এতে শুরুতে কঠিন প্রতিপক্ষ পাবেন ১৭ বছর বয়সী আর্চার। 

রিকার্ভ এককে র‌্যাঙ্কিং রাউন্ডে সাগর ৭২টি তিরের মধ্যে  ৬৫৩ স্কোর পেয়েছেন। অথচ গত জুনে তুরস্কে অলিম্পিক বাছাইয়ে র‌্যাঙ্কিং রাউন্ডে স্কোর ছিল ৬৬০ পয়েন্ট। সেখানে র‌্যাঙ্কিং রাউন্ডে হয়েছিলেন ষষ্ঠ।

আজ এমন স্কোর করে মিক্সড জোনে সাগর বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন, 'আজকের অবস্থান নিয়ে আমি অখুশি নই।  মাঝে একটি শট মিস না হলে অবস্থান আরেকটু ভালো হতে পারতো।'

খারাপ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাগর জানালেন, 'আসলে এখানে আবহাওয়া একটু ভিন্ন ধরনের। তাই সব সময় তিরের ওপর নিয়ন্ত্রণ ও অ্যাকুরেসি রাখা সম্ভব হয় না। একটা শট একটু অন্য রকম হলে পিছিয়ে পড়তে হয়। আজ যেমন হয়েছে।  তবে  যাই হোক আমি ঠিক আছি। সামনের দিকে ভালো ফল করতে পারবো বলে আশাবাদী।'

বাংলাদেশ আরচারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। সাগরের সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে বলেছেন, 'খুব সম্ভবত র‌্যাংকিংয়ে ২০তম ব্যক্তিকেই সাগর পাচ্ছে। সে টোকিও অলিম্পিকে গতবার রৌপ্য পদক জয়ী। তবে যেই হোক না কেন, সেও দশে দশ স্কোর করতে পারে, সাগরও পারে।’

ইলিমেনেশন রাউন্ড হবে ৩০ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে।