প্যারিস অলিম্পিক

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় তোলপাড়

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হলেও বিতর্ক মুক্ত থাকতে পারেনি প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ করে রাজনৈতিকভাবে চির বৈরি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াকে নিয়ে ভুলক্রমে ঘটে গেছে একটি ঘটনা। যা জন্ম দিয়েছে আলোচনার! 

ঘটনাটি ঘটেছে সেইন নদীতে যখন পতাকাবাহী একেকটি দল নৌযানে নিজেদের তুলে ধরছিল। ঠিক সেই মুহূর্তে দক্ষিণ কোরিয়াকে বহনকারী দলটিকে ঘোষক ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই পরিচয় করিয়ে দেন উত্তর কোরিয়ার দল হিসেবে। বলে বসেন, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ যা মূলত উত্তর কোরিয়ার সরকারি নাম! অথচ উত্তর কোরিয়া দলটি যখন একইভাবে নৌযানে করে গেছে, তখন কিন্তু দলটির নাম সঠিকভাবেই উচ্চারণ করা হয়েছে। 

উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক বরাবরই চির বৈরী। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই কোরিয়া বিভক্ত হওয়ার পর থেকে এই সম্পর্কের সূত্রপাত। সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। 

অবশ্য ঘোষক ভুল করলেও টিভিতে কিন্তু নামগুলো প্রদর্শনে কোনও ভুল ছিল না। তখন সঠিক নামই প্রদর্শন করা হয়েছে। যদিও বিষয়টা সহজভাবে মেনে নেয়নি দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণলায় বলেছে, বিব্রতকর এই ভুলের জন্য সরকারি পর্যায়ে ফ্রান্সের কাছে অভিযোগ জানাবে তারা। 

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় সহ ক্রীড়ামন্ত্রী জ্যাং মি রান, যিনি ২০০৮ অলিম্পিকের ভারোত্তলনে চ্যাম্পিয়ন; এই ঘটনায় অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। অবশ্য এই ঘটনায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্ল্যাটফর্ম এক্সে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে। 

অলিম্পিকে এবার দক্ষিণ কোরিয়া ২১ ক্রীড়া ইভেন্টে ১৪৩ অ্যাথলেট নিয়ে অংশ গ্রহণ করেছে। উত্তর কোরিয়া অবশ্য ১৬ অ্যাথলেট নিয়ে এসেছে। তবে ২০১৬ সালের রিও অলিম্পিকের পর গেমসে অংশ নিয়েছে তারা।