তিন তিনটি অলিম্পিকে ব্যর্থ হয়ে অবশেষে প্রথম পদকের দেখা পেলেন পলিন ফেরাঁ-প্রেভো। তাও আবার স্বর্ণ জিতে পদকখরা কাটালেন এই ফরাসি মাউন্টেইন বাইকার। রবিবার মেয়েদের ক্রস কান্ট্রি মাউন্টেইন বাইক রেসে দারুণ খেলে ফ্রান্সকে প্যারিস অলিম্পিকের দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন তিনি।
২০১৫, ২০১৯, ২০২০, ২০২২, ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন পলিন। তারও আগে ২০১৪ সালে রোড রেসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে অলিম্পিকে কোনও পদক ছিল না তার।
নিকটতম প্রতিদ্বন্দ্বী লোয়ানা লেকোমটে রেসের মাঝপথে পড়ে গিয়ে বিদায় নেন। আরেক ফেভারিট নেদারল্যান্ডসের পক পিয়েতের্সও ছিটকে যান টায়ার পাংচার হলে। তাতে করে যুক্তরাষ্ট্রের হ্যালি ব্যাটান পেয়েছেন রুপা। ব্রোঞ্জ পেয়েছেন ২০১৬ রিও অলিম্পিকের বিজয়ী সুইডেনের জেনি রিসভেডস।
পলিন বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না এটা। এই দিনের জন্য আমি অনেক পরিশ্রম করেছি, আজ যেন রোবট হয়ে গিয়েছিলাম। এটা বিশাল ব্যাপার, আমি জানি না কী বলতে হেব। শেষ ল্যাপে বেশ সহজ ছিল, উপভোগ করেছি।’