‘নারীবিদ্বেষী’ মন্তব্যে অলিম্পিকের ধারাভাষ্যকারকে ছাঁটাই

অলিম্পিকে এবার নারীবিদ্বেষী মন্তব্যের জেরে চাকরি গেছে এক ব্রিটিশ ধারাভাষ্যকারের। অভিজ্ঞ সেই ধারাভাষ্যকারের নাম বব ব্যালার্ডা।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নারী সাঁতারুরা ৪x১০০ মিটারে ফ্রি স্টাইল রিলেতে সোনা নিশ্চিত করার পর। পুল ছাড়ার মুহূর্তে অস্ট্রেলিয়ার দলটিকে কেন্দ্র ব্যালার্ড মন্তব্য করেন, ‘এই তো ওদের কাজ শেষের পথে... আপনারা জানেন মেয়েরা কেমন হয়ে থাকে... সময় নষ্ট করা, মেকআপে ব্যস্ত থাকা।’

এমন মন্তব্যের পর সেই ক্লিপটি মুহূর্তেই ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনা হতে থাকায় এর সম্প্রচার প্রতিষ্ঠান ইউরো স্পোর্ট পরে জানিয়ে দেয়, ধারাভাষ্যের প্যানেল থেকে ব্যালার্ডকে সরিয়ে দেওয়া হয়েছে। চাকরি হারিয়েছেন তিনি। ব্যালার্ড অবশ্য এখনও সেই মন্তব্যকে কেন্দ্র করে কোনও ব্যাখ্যা দেননি।

ধারাভাষ্যের সময় তার সঙ্গী ছিলেন ব্রিটিশ নারী সাঁতারু লিজি সিমন্ডস। ব্যালার্ডের মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানান এভাবে, ‘কথাটা ভীষণ আপত্তিজনক।’

রবিবার ইউরো স্পোর্ট বিবৃতিতে জানায়, ‘রাতে ইউরো স্পোর্টের একটি কাভারেজের সময় ধারাভাষ্যকার বব ব্যালার্ড এমন মন্তব্য করেছেন যা ছিল পুরোপুরি অনুপযুক্ত। যার ফলে তাকে ধারাভাষ্যকারের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেটা কার্যকর হয়েছে অনতিবিলম্বে।’

ব্যালার্ড এক সময় বিবিসির প্রতিনিধি ছিলেন। কাজ করেছেন প্রেজেন্টার হিসেবেও।