২০২১ টোকিও অলিম্পিকে পাওয়া শ্রেষ্ঠত্ব তিন বছর পরও ধরে রাখলো গ্রেট ব্রিটেন। সোমবার ইকুয়েস্ট্রিয়ানের দলীয় ইভেন্টিংয়ে স্বর্ণপদক জিতেছে তারা। প্যারিস অলিম্পিকে এটাই তাদের প্রথম গোল্ড মেডেল।
স্বাগতিক দেশ ফ্রান্সের কাছ থেকে কঠিন পরীক্ষার মুখোমুখি হলেও ব্রিটিশ ত্রয়ী রোসালিন্ড ক্যান্টার, টম ম্যাকএউইন ও লরা কোলেট জাম্পিংয়ের ফাইনালে বাজিমাত করেন।
এই ইভেন্টে এনিয়ে পঞ্চম গোল্ড মেডেল পেলো গ্রেট ব্রিটেন, যা সর্বোচ্চ। তাদের স্কোর ৯১.৩০।
১০৩.৬০ স্কোর করে রুপা পেয়েছে ফ্রান্স। আর জাপান আদায় করেছে ব্রোঞ্জপদক। ১১৫.৮০ স্কোর করেছে তারা। ১৯৩২ সালে স্বর্ণপদক পাওয়ার পর এই প্রথমবার ইকুয়েস্ট্রিয়ানে পদক পেলো দেশটি।