অলিম্পিকে তিনবারের পদকজয়ীকে হারাতে পারবেন সাগর?

বাংলাদেশের একমাত্র আর্চার সাগর ইসলাম সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। বুধবার ১৮ বছর বয়সী আর্চারের অগ্নিপরীক্ষা। রাজশাহী থেকে উঠে আসা তিরন্দাজ ইনভেলিডস আর্চার মাঠে প্রথম রাউন্ডে মুখোমুখি হচ্ছেন টোকিও অলিম্পিকে রুপাজয়ী ইতালির মাউরো নেসপোলির।

র‌্যাঙ্কিং রাউন্ডে খারাপ পারফরম্যান্স করায় প্রথম রাউন্ডে বড় পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে সাগরকে। র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৫২ স্কোর গড়েছিলেন অলিম্পিকে নিজের যোগ্যতায় সরাসরি অংশ নেওয়া এই আর্চার।

র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর গড়ে ২০তম হয়েছিলেন মাউরো।

তবে প্রতিপক্ষ যে-ই থাকুক, সাগর কিন্তু আত্মবিশ্বাসী। আগেই বলেছেন, 'দিনটি আমার হলে ভালো ফল হবে। আমি চেষ্টা করবো সামনের দিকে এগিয়ে যাওয়ার।'

এর আগে ২০২২ সালে মাউরোর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের আরেক আর্চার হাকিম আহমেদ। তুরস্কে সেবার আর্চারি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়ে ভালো করতে পারেননি।

তবে সাগরের কোচ মার্টিন ফ্রেডরিক আশাবাদী একজন মানুষ। সবসময় শিষ্যদের সাহস দিয়ে থাকেন। কালকের ম্যাচ নিয়ে বলেছেন, ‘মাউরো পাঁচবার অলিম্পিক গেমস খেলেছে। তিনবার জিতেছে পদক। ভালো প্রতিপক্ষ। তবে আমরাও ১০ টি তীর ছুড়বো। যে কারও ভালো করার সম্ভাবনা আছে। যে কোনও কিছু হতে পারে।’