বাংলাদেশের প্যারিস অলিম্পিক মিশন শেষ। মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে প্যারিস ছাড়ার কথা ছিল তিন অ্যাথলেটসহ ছয় সদস্যের। কিন্তু চার্লস দ্য গল বিমানবন্দর থেকে আবার গেমস ভিলেজে ফিরে আসতে হয়েছে তাদের।
দুই সাঁতারু সোনিয়া, রাফি, আর্চার সাগর ইসলাম, আর্চারির দুই কোচ মার্টিন-হাসান ও সাঁতারের কোচ আব্দুল হামিদের। প্যারিস সময় সকাল নয়টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট ছিল। এজন্য বাংলাদেশের বহর ভোরে ভিলেজ ছেড়েছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে ফ্লাইট ঢাকায় না যাওয়ায় তারা আবার ভিলেজে ফিরে এসেছেন।
প্যারিস অলিম্পিকে বাংলাদেশ সাঁতার দলের ম্যানেজার এমবি সাইফ বলেন, ‘চেক ইনের আগে অপেক্ষা করতে বলছিল কাতার এয়ারওয়েজ। পরে তারা জানায় আজ ফ্লাইট ঢাকা যাবে না। পরে সবাই আবার ভিলেজে ফিরে আসে।’ আগামী ১০ আগস্ট ফিরতি টিকিট নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশে বিদ্যমান অস্থিরতায় গতকাল সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টা বন্ধ ছিল। এজন্য অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করে। কাতার এয়ারওয়েজ আজ সময় সকাল নয়টায় প্যারিস ছাড়লেও ট্রানজিটের স্থান দোহা থেকে ঢাকার ফ্লাইট না থাকার কারণে সাগরদের দেশে ফেরা হয়নি।
স্প্রিন্টার ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন। তিনি প্যারিস থেকে ইংল্যান্ড যাচ্ছেন। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। সবার আগে ৪ আগস্ট প্যারিস ছেড়েছেন শুটার রবিউল ইসলাম।