এএফসি অ্যাওয়ার্ডে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা!

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার ‘এএফসি অ্যাওয়ার্ডস ব্যাংকক ২০২৬’ এ দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার (রুবি) এবং এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল (সিলভার) বিভাগে মনোনীত হয়েছে বাফুফে। 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুক্রবার (১৬ অক্টোবর) এএফসি এবারের পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করে। ফুটবলে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারগুলো প্রদান করা করা হবে আগামী ২৯ নভেম্বর  থাইল্যান্ডের ব্যাংককে।  

এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার (রুবি) বিভাগে বাংলাদেশের সঙ্গে মনোনয়ন পেয়েছে গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও লাওস ফুটবল ফেডারেশন।  

অপরদিকে, এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল (সিলভার) বিভাগে বাফুফের সঙ্গে মনোনীত হয়েছে গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এরমধ্যে   এএফসি একটি ফেডারেশন কে বেছে নেবে।

এশিয়াজুড়ে ফুটবলের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং সদস্য সংস্থাগুলোর কার্যক্রমকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এএফসি বিভিন্ন বিভাগে এই পুরস্কার প্রদান করে।

এএফসি অ্যাওয়ার্ডস ব্যাংকক ২০২৬-এর ৩০তম আসরে মোট ১৯টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানটি ২৯ নভেম্বর স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এবং এএফসির ইউটিউব চ্যানেলসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে।