রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ প্রথমবার জুটি গড়ে অলিম্পিকে নেমে সফল হন। আর্জেন্টিনার আন্দ্রেস মলতেনি ও ম্যাক্সিমো গনসালেসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তারা। এরপর গুঞ্জন শুরু হয় ঊরুর চোট নিয়ে টেনিসের এককে খেলতে পারবেন তো নাদাল! একেবারে শেষ মুহূর্তে খেলার সিদ্ধান্ত নেন স্প্যানিশ তারকা এবং প্রথম রাউন্ড জিতে নোভাক জোকোভিচের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের লড়াই নিশ্চিত করেছেন।
রবিবার প্রথম রাউন্ডে মার্টন ফুকসোভিকসের মুখোমুখি হন নাদাল। ঊরুতে ব্যান্ডেজ বেঁধে রোলাঁ গাঁরোর প্রিয় কোর্টে নামেন ১৪ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী। কষ্ট হলেও ৬-১, ৪-৬ ও ৬-৪ গেমে জিতে গেছেন ৮৩ নম্বর র্যাঙ্কিংধারী হাঙ্গেরিয়ানের বিপক্ষে।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে একমাত্র স্বর্ণপদক জেতেন নাদাল। রিও অলিম্পিকে পরে ডাবলসেও চ্যাম্পিয়ন হন তিনি। আরেকটি পদক গলায় ঝুলাতে দ্বিতীয় রাউন্ডেই তাকে কঠিন পথ পাড়ি দিতে হবে।