রোলাঁ গারোতে জোকোভিচের কাছে পাত্তা পেলেন না নাদাল

নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরোনো। দুই টেনিস গ্রেটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমন প্রত্যাশা থাকে সবসময়। কিন্তু প্যারিসের লাল দুর্গে তাদের লড়াই জমলো না। ৬০তম মুখোমুখি লড়াইয়ে নাদালকে উড়িয়ে দিয়ে প্যারিস অলিম্পিকের তৃতীয় রাউন্ডে উঠলেন জোকোভিচ।

সোমবার রোলাঁ গারোর রাজা নাদালকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ। ২০০৬ সালে এই ক্লে কোর্টে শুরু হয়েছিল দুই তারকার লড়াই। ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ নাদালের বিপক্ষে ৩১তম জয়ের দেখা পেলেন।

প্রথম সেটে বিধ্বস্ত হওয়ার পর নাদাল দ্বিতীয় সেটে প্রাণসঞ্চার তৈরি করেন টানা চারটি গেম জিতে। তার অদম্য মানসিকতাকে ছাপিয়ে শেষপর্যন্ত জিতে যান জোকোভিচ, ‘আমার খুব নির্ভার লাগছে। সবকিছু আমার মতো করে হয়েছে। ৬-১, ৪-০ তে এগিয়ে ছিলাম, কিন্তু সার্ভিস গেমে তাকে বেশি সুযোগ দিয়ে ফেললাম। ২০০৬ সালে ভাবতেই পারিনি যে আমরা প্রায় ২০ বছর পরও একে অন্যের মুখোমুখি হতে পারবো।’

অধরা অলিম্পিক স্বর্ণ এবার হাতে নেওয়ার সুযোগ জোকোভিচের সামনে। অন্যদিকে নাদালের পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়নি। পুরুষদের ডাবল ইভেন্টে তিনি খেলছেন কার্লোস আলকারেজকে নিয়ে।