অস্ট্রেলিয়ান ওপেনের এবারের প্রাইজমানি ৭ কোটি ৫০ লাখ ডলার!

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ার ওপেনে রেকর্ড প্রাইজমানির ঘোষণা দিয়েছে আয়োজকরা। মোট প্রাইজমানি ১৬ শতাংশ বাড়িয়ে সেটা ১১ কোটি ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) নির্ধারণ করা হয়েছে। 

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা পাবেন ৪১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার)। যা গত বছরের ৩৫ লাখ অস্ট্রেলিয়ান ডলারের তুলনায় ১৯ শতাংশ বেশি।

প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১ লাখ ৭৫০ মার্কিন ডলার)। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়দের জন্যও থাকছে ৪০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার তথা প্রায় ২৭ হাজার ২০০ মার্কিন ডলার পুরস্কার।

টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেইগ টাইলি বলেছেন, এই সিদ্ধান্ত টেনিস অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। যার লক্ষ্য সব স্তরের খেলোয়াড়দের ক্যারিয়ারকে সহায়তা করা।  তার ভাষায়, ‘২০২৩ সাল থেকে বাছাইপর্বের প্রাইজমানি ৫৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা উন্নত করা হয়েছে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করছি, পেশাদার টেনিস যেন সব প্রতিযোগীর জন্য টেকসই হয়।’

আগামী ১৮ জানুয়ারি মেলবোর্ন পার্কে পর্দা উঠবে অস্ট্রেলিয়ান ওপেনের। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন ইয়ান্নিক সিনার ও ম্যাডিসন কিস।