মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬

১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বাজারে এসেছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই প্রি-অর্ডার ও বিক্রি মিলিয়ে ২৪৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে গেমটি। এতে আয় হয়েছে প্রায় ২৩৬ কোটি ডলার। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক আয়োজনের রেকর্ড গড়েছে গেমটি বলে ধারণা করা হচ্ছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জিটিএ ৬-এর প্রি-অর্ডার ও প্রথম দিনের বিক্রি মিলিয়ে এই আয় হয়েছে। তুলনা করলে, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পুরো প্রেক্ষাগৃহ প্রদর্শনী থেকে আয় করেছে ২৫০ কোটি ডলার।

তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার ও এর মূল প্রতিষ্ঠান টেক-টু এখন পর্যন্ত বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তারা শুধু জানিয়েছে, গেমটির প্রতি আগ্রহ ও চাহিদা ‘নজিরবিহীন’। এ বিষয়ে মন্তব্য জানতে প্রতিষ্ঠান দুটির সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

রকস্টারের প্রায় তিন দশকের পুরোনো অপরাধভিত্তিক গেম সিরিজের সর্বশেষ সংযোজন জিটিএ ৬। ইতিহাসের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম সিরিজ এটি। গেমটির মূল উপজীব্য আমেরিকান স্বপ্নের ব্যঙ্গাত্মক উপস্থাপন। এতে খেলোয়াড়দের লিওনিডা নামের একটি কাল্পনিক অঙ্গরাজ্যে পেশাদার অপরাধীদের ভূমিকায় দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি করা হয়েছে এই অঞ্চল। নতুন গেমটিতে রয়েছে লুসিয়া ও তার সঙ্গী জেসন নামের দুই নতুন চরিত্র। তারা দুজনই ছোটখাটো অপরাধে জড়িত।

জিটিএ ৬ তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে এটিই হবে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম। সেন্সর টাওয়ারের ধারণা, গেমটির জনপ্রিয়তার কারণে অন্য সিঙ্গেল-প্লেয়ার গেমে খেলোয়াড়দের সময় কাটানোর পরিমাণ ১০ শতাংশ কমে যেতে পারে। আগামী বছরগুলোতেও জিটিএ ৬ থেকে আরও বেশি আয় করার আশা করছে রকস্টার। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটি এখনও গেমটির পিসি সংস্করণ প্রকাশের সময় জানায়নি। একইভাবে অনলাইন মাল্টিপ্লেয়ার সংস্করণ কবে আসবে, সে বিষয়েও কোনও তারিখ ঘোষণা করেনি তারা।

এদিকে গেমটির গ্রাফিক কনটেন্টের কারণে জাপানে এর কিছু অংশে সেন্সরশিপ আরোপ করা হয়েছে। আগের জিটিএ গেমগুলোর মতো এটিও চীনের মূল ভূখণ্ডে বিক্রির অনুমোদন পায়নি।

সূত্র: বিবিসি