অনলাইনে কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কারও হাতে চলে গেলে ব্যক্তিগত ডেটা, ই-মেইল, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ নানা সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। অনেকেই সহজে মনে রাখার সুবিধার্থে নিজের নাম, জন্মতারিখ কিংবা পরিচিত কিছু সংখ্যা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন। কিন্তু এসব তথ্য অনুমান করে সাইবার অপরাধীরা খুব সহজেই ব্যক্তিগত অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। এমনকি দেখতে জটিল মনে হলেও পাসওয়ার্ডের গঠনগত দুর্বলতা থাকলে তা অল্প সময়ের মধ্যেই ডিক্রিপ্ট করে ফেলা সম্ভব। তাই অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিজের পাসওয়ার্ড কতটা শক্তিশালী, তা যাচাই করা জরুরি।
শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্য
নিরাপদ পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে প্রথমেই এর দৈর্ঘ্যের দিকে নজর দিতে হবে। অন্তত ১২ ক্যারেক্টারসম্বলিত পাসওয়ার্ড ব্যবহার করা ভালো। এতে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় রাখা উচিত। তবে শুধু এসব ক্যারেক্টার যুক্ত করলেই হবে না, সেগুলোর বিন্যাসও হতে হবে এলোমেলো।
নিজের নাম, জন্মতারিখ, ফোন নম্বর কিংবা ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত নয়। একইভাবে ‘১২৩৪৫৬, ‘পাসওয়ার্ড’বা কিবোর্ডে পাশাপাশি থাকা অক্ষরের সমন্বয়ও এড়িয়ে চলতে হবে। পরপর সাজানো অক্ষর, একই সংখ্যা বা অক্ষরের পুনরাবৃত্তি থাকলেও পাসওয়ার্ড সহজে অনুমান করা যায়। তাই এসব বিষয় খেয়াল রেখেই সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তৈরি করতে হবে। আবার একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
পাসওয়ার্ড কতটা শক্তিশালী, যাচাই করবেন যেভাবে
ইন্টারনেটে বিনা মূল্যে পাসওয়ার্ডের শক্তি যাচাই করার বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। এসব সেবায় পাসওয়ার্ডের একটি নমুনা লিখলে সেটির দৈর্ঘ্য, অক্ষর ও সংখ্যার বিন্যাস এবং জটিলতা বিশ্লেষণ করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনও কোনও সেবা সংশ্লিষ্ট পাসওয়ার্ডটি ডিক্রিপ্ট করতে কম্পিউটারের কত সময় লাগতে পারে, তারও আনুমানিক হিসাব দেখায়।
পরীক্ষায় দেখা গেছে, শুধু অক্ষর ও সংখ্যা দিয়ে তৈরি একটি পাসওয়ার্ড ক্র্যাক করতে যেখানে চার বছর লাগতে পারে, সেখানে @,#,* এর মতো বিশেষ চিহ্ন যুক্ত করার পর সময়ের হিসাব বেড়ে দাঁড়ায় ২০ লাখ বছর। আবার সহজ শব্দের সঙ্গে পরপর সাজানো সংখ্যা যুক্ত করলে সেটি মাত্র তিন দিনেই ক্র্যাক করা সম্ভব বলে জানা গিয়েছে। তবে এসব সময়ের হিসাব আনুমানিক; বাস্তবে পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের সময় ব্যবহৃত প্রযুক্তি ও পদ্ধতির ওপর নির্ভর করে এবং সাধারণত খুব কম সময়েই হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে নিজের প্রকৃত পাসওয়ার্ড কোনও অপরিচিত ওয়েবসাইটে না লিখে অনুরূপ আরেকটি নমুনা দিয়ে পরীক্ষা করা ভালো।
পাসওয়ার্ড ম্যানেজার ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন
প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা ও জটিল পাসওয়ার্ড মনে রাখা কঠিন হতে পারে। এ ক্ষেত্রে বিভিন্ন নির্ভরযোগ্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে। এসব সেবা স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণ করতে পারে। ফলে প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা সহজ হয়।
অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা উচিত। এতে পাসওয়ার্ড দেওয়ার পর গুগল অথেন্টিকেটরের মতো অ্যাপ থেকে পাওয়া ছয় অঙ্কের পরিবর্তনশীল কোডও দিতে হয়। কোনও সেবায় পাসকি ব্যবহারের সুযোগ থাকলে সেটিও বিবেচনা করা যেতে পারে। পাসকিতে ফিঙ্গারপ্রিন্ট, ফেইস লক বা পিনের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়।