সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) কার্যক্রম মনিটরিংয়ের আওতায় আনছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার কমিশনের ৫৭৪তম কমিশন সভায় এ কমিটি গঠন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসি পরিচালক রাজিব আহমেদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিএসইসি পরিচালক মো. আবুল কালাম, শেখ মাহবুব-উর রহমান ও মো. গোলাম কিবরিয়া। এছাড়া কাজী মো. আল-ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, গঠিত ওই কমিটি প্রতিমাসে সিডিবিএলের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করবে। তবে কমিশন প্রয়োজন মনে করলে সে কোনও সময় পরিদর্শন হতে পারে।
অন্যদিকে, করপোরেট গভর্ন্যান্স গাইড লাইন সংক্রান্ত আইন সংশোধনে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন এম হাছান মাহমুদ, প্রদীপ কুমার বসাক, মো. আবুল কালাম এবং মো. ফখরুল ইসলাম মজুমদার।
/এসএনএইচ/








