বিভিন্ন সময়ে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার কারণে ৯ কোম্পানির পরিচালনা পর্ষদকে আর্থিক জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার কমিশনের ৫৭৪তম কমিশন সভায় এ জরিমানা করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেটালেক্স করপোরেশন, রাসপিট বাংলাদেশ, রোজ হেভেন বল পেন ইন্ডাষ্ট্রিজ, চিক টেক্সটাইল ও মিতা টেক্সটাইলস কোম্পানি কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩০ জুন হিসাব বছরের আর্থিক প্রতিবেদনসহ ওই হিসাব বছরের ৩ প্রান্তিকের প্রতিবেদন দাখিলে ব্যার্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনিত পরিচালক ছাড়া) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে রাসপিট ডাটা ম্যানেজম্যান্ট অ্যান্ড টেলিকমিউরিকেশনস কর্তৃপক্ষ শেষ হওয়া ২০১৫ সালের ৩১ মার্চের তৃতীয় প্রান্তিকের, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কর্তৃপক্ষ ২০১৪ সালেরসহ ২০১৫ সালের ৩১ মার্চের প্রথম প্রান্তিকের, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের অর্ধবার্ষিকীসহ ২০১৫ সালের ৩১ মার্চের তৃতীয় প্রান্তিকের ও মেঘনা শ্রিম্প কালচার ২০১৪ সালের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতায় কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বাধীন ও মনোনিত পরিচালক ছাড়া) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
/এসএনএইচ/








