পুঁজিবাজারের তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪শ’ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বৃহস্পতিবার বিএসইসির ৫৭৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড বিক্রির জন্য কোম্পানিটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যার মেয়াদ হবে ৭ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়নযোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।
এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এ বন্ডে বিনিয়োগ করতে পারবেন।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে মেন্ডেটেড লিড। ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।
/এসএনএইচ/








