সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির (এফবিসিসিআই) নেতারা। সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠকে হয়।
এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ বৈঠকে অংশ নেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম খান, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এবং এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমও বৈঠকে ছিলেন।
এছাড়া, এফবিসিসিআই, ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভিয়েতনামের দূতাবাস যৌথভাবে আগামীকাল সকালে ‘ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম’র এক আলোচনা সভার আয়োজন করেছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
তিন দিনের সফরে আসা ভিয়েতনামের প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে সেদেশের ১০০টি বাণিজ্য প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও ভিয়েতনামের ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনাপর্বে ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী গুয়েন চি ডাং এবং শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী চাও কুয়োক হাং উপস্থিত থাকবেন।
আলোচনাপর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম বক্তব্য রাখবেন। এ পর্বে দু’দেশের ব্যবসায়ী নেতারাও আলোচনায় অংশ নেবেন।
বাংলাদেশ ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার পণ্য ভিয়েতনামে রফতানি এবং ভিয়েতনাম থেকে ৪১২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। ভিয়েতনামে বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যগুলো হচ্ছে, কৃষিজাত পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য এবং ওষুধ সামগ্রী।
খবর: বাসস।







