মেট্রোরেল নির্মাণ প্রকল্পের আগারগাঁও থেকে কারওয়ান বাজার হয়ে মতিঝিল পর্যন্ত প্রায় আট কিলোমিটার ভায়াডাক্ট এবং সাতটি স্টেশন নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এ জন্য সোমবার পঞ্চম প্যাকেজের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দু’টি পৃথক চুক্তি সই করেছে সরকার।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় চার হাজার দুইশত কোটি টাকার দুটি পৃথক চুক্তিপত্রে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এবং লিড পার্টনার হিসেবে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশন এর পক্ষে তাকাতোশি নিশিমুরা এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিটমো মিৎসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর পক্ষে ইকুয়োকিতাদা চুক্তিতে সই করেন।
এ উপলক্ষে রাজধানীর হোটেল র্যাডিসনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল রুট-৬ এর নির্মাণ কাজ আটটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থ প্যাকেজের আওতায় উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় বারো কিলোমিটার ভায়াডাক্ট ও নয়টি স্টেশন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
চুক্তি অনুযায়ী দুটি প্যাকেজের মধ্যে পঞ্চম প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে কাওরান বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মিত হবে এবং ষষ্ঠ প্যাকেজের আওতায় কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশন নির্মিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, সংসদ সদস্য নাজমুল হক প্রধান,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো.নজরুল ইসলাম,সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ মন্ত্রণালয় এবং মেট্রোরেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







