তেলের দাম বাড়ালো কারা?

শফিকুল ইসলাম
২৮ নভেম্বর ২০১৯, ১০:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১০:৫২

সয়াবিন তেল (ছবি- সংগৃহীত) ভোজ্যতেল কোম্পানিগুলো বলছে, বাজারে তারা তেলের দাম বাড়ায়নি। বোতলের গায়ে লেখা দামেই তেল সরবরাহ করা হচ্ছে। তেল সরবরাহও স্বাভাবিক রয়েছে। চাহিদায়ও পরিবর্তন ঘটেনি। তারপরও বেড়েছে ভোজ্যতেলের দাম। তবে পাইকারি ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে, কোম্পানি বোতলের গায়ের দামেই তেল বিক্রি করছে সত্য। তবে বিক্রির ক্ষেত্রে মূল্যে যে ‘ছাড়’ ছিল তা বাতিল করেছে। এই ‘ছাড়’ তুলে নেওয়ায় দাম বেড়েছে।
এদিকে সরকার ও ভোজ্যতেল কোম্পানির প্রতিনিধিরা বলছেন, তেলের দাম বাড়ার কোনও কারণ নেই। আমদানি নির্ভর ভোজ্যতেলের এলসি প্রক্রিয়াও স্বাভাবিক বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তাহলে কীভাবে, কারা বাড়িয়েছে এই পণ্যটির দাম সে কারণ অনুসন্ধানে নেমেছে সরকার। কাজ শুরু করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, বাজারে সব ধরনের সয়াবিনের দাম বেড়েছে লিটারে ৩ থেকে ৫ টাকা। তবে খোলা সয়াবিনের দাম বেড়েছে বেশি। স্থানভেদে প্রতিলিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, আগে যা বিক্রি হয়েছে ৭৫ থেকে ৭৮ টাকা লিটারে। একইভাবে সিটি গ্রুপের তীর ব্র্যান্ড এবং মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ে দাম লেখা রয়েছে ৫০০ টাকা। আর রূপচাদা সয়াবিন তেলের ৫ লিটারের বোতলের গায়ে দাম লেখা রয়েছে ৫৩০ টাকা। বোতলের গায়ে লেখা দামের কোনও পরিবর্তন হয়নি গত কয়েক মাসে। তবে বিক্রির ক্ষেত্রে মূল্যে ‘ছাড়’ বাতিল করা হয়েছে। এই ‘ছাড়’ বাতিল করায় বেড়েছে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম।

কাওরান বাজারের কিচেন মার্কেটের একজন পাইকারি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫ দিন আগেও দেশের সিটি ও মেঘনাসহ প্রতিটি ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানি ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল পাইকারি ব্যবসায়ীদের কাছে ৪২৫ টাকা দরে বিক্রি করেছে। পাইকারি ব্যবসায়ীরা তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন ৪৩০ থেকে ৪৩৫ টাকা দরে। পরবর্তীতে কোম্পানিগুলো তা বাড়িয়ে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ৪৫২ টাকা দরে। পাইকারি ব্যবসায়ীরা তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ৪৬০ টাকা দরে। একইভাবে রূপচাঁদা ব্রান্ডের ৫ লিটার সয়াবিন তেল পাইকারি ব্যবসায়ীদের কাছে কোম্পানি বিক্রি করেছে ৪৩৫ থেকে ৪৫০ টাকা দরে। ছাড় তুলে দেওয়ার কারণে এখন তা বিক্রি হচ্ছে ৪৬৭ টাকা ৫০ পয়সা দরে। পাইকারি ব্যবসায়ীরা তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ৪৭০ টাকা দরে। বাজারে বোতলের গায়ে কিন্তু ওই আগের দর ৫০০ এবং ৫৩০ টাকাই লেখা রয়েছে।’

তিনি বলেন, ‘বোতলের গায়ে লেখা দাম যাচাই করলে আপনি বুঝতেই পারবেন না যে, কোম্পানি দাম বাড়িয়েছে। আসলে তো কোম্পানি প্রতি লিটারে দাম বাড়িয়েছে ৫ টাকার বেশি। কোম্পানিগুলোর এই ‘ছাড়’ দেওয়া এবং ‘ছাড়’ বাতিল দাম বাড়ানোর একটি চালাকি পদ্ধতি।’
এদিকে বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ট্য্যারিফ কমিশন। দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল পরিশোধনারী কয়েকজন কোম্পানির কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নূর উর রহমান। বৈঠকে ব্যবসায়ীরা জানিয়েছেন, বোতলজাত সয়াবিনের দাম বাড়ানো হয়নি। গত কয়েক মাস বাজারে একই দাম চলছে বলে জানালেও ‘ছাড়’ প্রত্যাহারেরর তথ্যটি বৈঠকে উপস্থাপন করেননি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বৈঠকে জানিয়েছেন, বোতলের গায়ে লেখা দামেই বাজারে সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নূর উর রহমান জানিয়েছেন, বাজারে ভোজ্যতেলের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি জানতে পরিশোধনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে বাজারে কী কারণে তেলের দাম বেড়েছে তা জানার চেষ্টা করছি। এ বিষয়ে সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধির মতো কোনও কারণ তৈরি হয়নি। আমরা দাম বাড়াইনি। বোতলে লেখা দামেই ভোজ্যতেল সরবরাহ করছি।
এদিকে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন জানিয়েছেন, বাজারে সরকারি বিভিন্ন সংস্থার মনিটরিং চলছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও কর্মকর্তাদের নেতৃত্বে মনিটরিং টিম কাজ করছে। কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের বিদেশি কৃষিসেবা বিভাগ থেকে পাওয়া এক প্রতিবেদনে জানা গেছে, আগামী অর্থবছরে বাংলাদেশে ৮২ হাজার হেক্টর জমিতে সয়াবিন উৎপাদন হবে এক লাখ ৫৮ হাজার টন। একই সময়ে সয়াবিন আমদানি ৩ দশমিক ৮৫ শতাংশ বেড়ে হবে সাড়ে ১৩ লাখ টন। প্রতিবেদনের তথ্য মতে, আগামী অর্থবছরে ভোজ্যতেল আমদানি বেড়ে ২৮ লাখ টন হবে। এর মধ্যে সয়াবিন সাড়ে নয় লাখ ও পাম তেল সাড়ে ১৮ লাখ টন। চলতি অর্থবছরে ভোজ্যতেল আমদানি ১০ শতাংশ বেড়ে ২৬ লাখ ৫০ হাজার টন হবে। গত অর্থবছরে আমদানি হয়েছিল ২৪ লাখ ১৫ হাজার টন। জনসংখ্যা বৃদ্ধি, খাদ্যাভ্যাসের পরিবর্তন, নগরায়ন, বেকারি ও কৃষি প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদন বেড়ে যাওয়ার কারণে ভোজ্যতেলের চাহিদা বাড়ছে।
ওই প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে প্রতিদিন মাথাপিছু ভোজ্যতেলের ব্যবহার ২০ থেকে ২২ গ্রাম। খোলাবাজারে ভোজ্যতেলের ৭৫ শতাংশ দখল করেছে পামতেল। তবে বোতলজাত তেলের বাজারে বড় অংশ সয়াবিন তেলের দখলে আছে। চলতি অর্থবছরে দুই লাখ ৪০ হাজার টন সয়াবিন তেল উৎপাদন বাড়বে। আগামী অর্থবছরে দুই লাখ ৬০ হাজার টন উৎপাদন বাড়বে। দেশে বর্তমানে ছোট-বড় ৮০টি ভোজ্যতেল পরিশোধন কারখানা রয়েছে। এসব কারখানায় ২৯ লাখ টন ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা রয়েছে। বর্তমানে সক্ষমতার ৪৮ শতাংশ ব্যবহার হচ্ছে।
এদিকে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে ভোজ্যতেলের ব্যবহার ৯ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২৮ লাখ টন হবে। আগামী অর্থবছরে হবে ৩১ লাখ টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে ভোজ্যতেল ব্যবহারে ব্যয় হয়েছে ১৪ হাজার ৪৪৮ কোটি টাকা। এর আগের অর্থবছরে ব্যয় হয়েছে ১১ হাজার ৮৩৮ কোটি টাকা।
দেশে মোট ভোজ্যতেলের চাহিদা ৫১ দশমিক ২৭ লাখ মেট্রিক টন, যার মধ্যে ৪৬ দশমিক ২১ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়। এর মূল্য ৩ দশমিক ২০ বিলিয়ন ডলার। আমাদের দেশে তেলজাতীয় ফসলের মধ্যে সরিষা, চীনাবাদাম, তিল, তিসি, সয়াবিন ও সূর্যমুখী প্রভৃতি চাষ হয়। এর মধ্যে সরিষা, তিল এবং সূর্যমুখী থেকেই সাধারণত তেল বানানো হয়। বর্তমানে দেশে আবাদি জমির মাত্র চার ভাগে তেলের আবাদ হয়। দেশে সামান্য পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়, চাহিদার একটি বড় অংশ আমদানি নির্ভর।

আরও পড়ুন: ৫ সিন্ডিকেটের কবলে ভোজ্যতেল!

                 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান