পুঁজিবাজারের তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অন্তত তিনটি ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
খুব শিগগির বিনিয়োগ বোর্ড বরাবর কোম্পানিটি ইউনিটগুলো বন্ধের আবেদন করবে। ইউনিটগুলো হলো- বলপয়েন্ট কলম, সিরিয়াল বার এবং চাটনির উৎপাদন ইউনিট।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে।
জানানো হয়েছে, ওই তিন ইউনিটের সব মেশিন ও যন্ত্রাংশের মেয়াদ শেষ হওয়ায় মান সম্পন্ন পণ্য উৎপাদন সম্ভব নয়। এমনকি কোনও ক্রেতাও ওই পুরাতন মেশিন কিনতে আগ্রহ প্রকাশ করেননি। ফলে গত ৩১ জানুয়ারি থেকে ওই তিন ইউনিটের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
তবে ইউনিটগুলোর মেয়াদ উত্তীর্ণ পরিত্যক্ত মেশিন ও যন্ত্রাংশের জন্য যুক্তিসংগত দাম দিতে আগ্রহী ক্রেতা পাওয়া গেলে সেগুলো বিক্রি করা হবে।
এছাড়া আইআরসি, ইআরসি, টিন, ই-টিন, ভ্যাট রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, কারখানার সনদ, কারখানার নিবন্ধন ইত্যাদি বাতিল এবং প্রয়োজনীয় সংশোধনীর জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করা হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।বিনিয়োগ বোর্ডের অনুমোদনের উপর ভিত্তি করে পরিত্যক্ত মেশিনারি ও যন্ত্রপাতি বিক্রয়ের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কোম্পানির পরবর্তী বিশেষ সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পরিপ্রেক্ষিতে উপরের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে।
/এসএনএইচ








