বাংলাদেশ ব্যাংকের সব গোপন তথ্য হ্যাকারদের হাতে!

হারুন উর রশীদ
১১ মার্চ ২০১৬, ২০:৪৩আপডেট : ১১ মার্চ ২০১৬, ২২:৪৪

প্রতীকী ছবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা সরাতে গিয়ে বছর ধরে কাজ করেন হ্যাকাররা। এই সময়ে তারা এ ব্যাংকের গোপন তথ্য নিয়ে হ্যাকিংয়ের পরিকল্পনা করেন ও সফল হন। এই দীর্ঘ ও কৌশলী প্রক্রিয়ায় বলতে গেলে বাংলাদেশ ব্যাংকের প্রায় সব গোপন তথ্যই হাকারদের হাতে চলে গেছে মনে করেন আইসিটি মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর অপারেশনস তথ্য-প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা।
এটাকে হ্যাকড হওয়া ১০ কোটি ডলারের চেয়েও বড় ক্ষতি বলে বাংলা ট্রিবিউনকে জানান তিনি। জোহা বাংলাদেশ ব্যাংকের হ্যাকড হওয়া অর্থ নিয়ে তদন্ত টিমের সঙ্গে কাজ করছেন।
ফিলিপাইনের তদন্ত সংস্থা এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য দায়ী ছয় হ্যাকারকে চিহ্নিত করেছে। সেখানকার সংবাদপত্র ইনকোয়েরার জানিয়েছে, মাইকেল ক্রুজ, জেসি ক্রিস্টোফার, আলফ্রেড ভারগারা, এনরিকো ভাসকুইজ, উইলিয়ার সোগো এবং কিম অং তাদের দীর্ঘ পরিকল্পনার ফসল হিসেবে বাংলাদেশ ব্যাংকের টাকা সাইবার ডাকাতির মাধ্যমে সরাতে সক্ষম হন।
তাদের মধ্যে তিনজন সন্দেহভাজন ক্রুজ, ভারগারা এবং ভাসকুইজ- প্রত্যেকেই ৫০০ ডলার জমা দিয়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) ২০১৫ সালের ১৫ মে অ্যাকাউন্ট খোলেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলোতে আর কোনও লেনদেন হয়নি। ওই দিন বাংলাদেশ ব্যাংকের কোড নিয়ন্ত্রণে নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ১০০ মিলিয়ন মার্কিন ডলার হতিয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। তবে এরমধ্যে ৮১ মিলিয়ন ডলার তারা ব্যাংক থেকে তুলতে পারেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘কোনও একটা সুফইট (অর্থ স্থানান্তরের সঙ্কেতলিপি) এ প্রবেশ করতে একজন হ্যাকারের কেবল সেই হিসাবধারীর নাম-পাসওয়ার্ড জানলেই চলে না। তাকে ‘কিপটোগ্রাফিক কি’ (সঙ্কেত উন্মোচনের কোড) সম্পর্কেও জানতে হবে, কেননা ‘ক্রিপটোগ্রাফিক কি’ ব্যবহার করেই ব্যাংক স্থানান্তরকারী সম্পর্কে নিশ্চিত হয়।’

অর্থাৎ হিসাবধারী সত্যিই অর্থ স্থানান্তর করতে বলেছেন কিনা, তা বুঝতে একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে ক্রিপটোগ্রাফিক কি কিংবা সঙ্কেত উন্মোচনের কোডগুলো। বাংলাদেশ ব্যাংকের এই ক্রিপটোগ্রাফিক কিগুলো সম্পর্কে ধারণা ছিলো হ্যাকারদের।

এন্টি ভাইরাস ক্যাসপারস্কির গবেষণায় নিয়োজিত এক গবেষক জুয়ান গুয়েরিও রয়টার্সকে বলেন, ‘ব্যাংকের কর্মীরা ঠিক কীভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে অর্থ স্থানান্তর করেন, সেটা জানার পরই কেবল এই পাচার কাজ সম্পন্ন করা গেছে।’

তথ্য-প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাকাররা এই দীর্ঘ পরিকল্পনা বাস্তবায়ন করতে ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের গোপন তথ্য নিয়েছেন। এমন নয় যে তারা একবারে নেওয়া তথ্যেই তা করতে পেরেছেন। ধাপে ধাপে তারা যে তথ্য নিয়েছেন তা দিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কাজের ব্যাপারে স্বচ্ছ ধারণা পেয়েছেন। তারা যখন নিশ্চিত হয়েছেন পুরো প্রক্রিয়া সম্পর্কে, তখনই তারা অপারেশনে গেছেন এবং সফল হয়েছেন।’

জোহা বলেন, ‘এখন মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বা গোপন কম্পিউটার নেটওয়ার্কে যেসব তথ্য আছে, তার সবই হ্যাকারদের কাছে আছে। তাদের কাছে বাংলাদেশ ব্যাংক এখন এক খোলা হাট। এর ফলে বাংলাদেশ ব্যাংকের ব্যবহৃত সফওয়ার, নেটওয়ার্ক এবং সিস্টেম কার্যত এখন আর নিরাপদ নয়।’

তিনি বলেন, ‘তারপরও এখন তদন্তের নামে বিদেশি বিশেষজ্ঞদের হাতে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য তুলে দেওয়ার মতো বোকামি করা হচ্ছে।’

এ নিয়ে তথ্য-প্রযুক্তিবিদ ও সাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সাবির আহমেদ সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বার বারই বলছি, এই প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ভেতরের কেউ জড়িত কিনা তা নিশ্চিত হওয়া প্রয়োজন। তা জানা গেলে বোঝা যাবে হ্যাকারদের হাতে বাংলাদেশ ব্যাংকের কী পরিমান গোপন তথ্য রয়েছে। তারা কত তথ্য চুরির পর তাদের প্রয়োজনীয় তথ্য পেয়েছে।’

তিনি বলেন, ‘যদি হ্যাকারারা বাংলাদেশ ব্যাংকের কারো সহায়তা ছাড়াই কাজটি করে থাকে তাহলে বুঝতে হবে তারা ব্যাংকের পুরো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে। আর যদি বাংলাদেশ ব্যাংকের কেউ তাদের সহায়তা করে থাকেন তাহলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা কাজ করেছেন। যে পদ্ধতিতেই হোক না কেন হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের কম্পেউটার নেটওয়ার্ক ও সার্ভারে প্রবেশ করেছেন। তাই তাদের কাছে ব্যাংকের তেমন কিছু আর গোপন নেই।’

/এইচইউআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম