চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১০১ কোটি ৮০ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক আয় এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ কোটি ৫০ লাখ ডলার বেশি।
গত বছরের সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরুর পর থেকে, অর্থাৎ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, মোট রেমিট্যান্স এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪৯৭ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, প্রবাসী আয় বৈধ পথে পাঠানোর প্রবণতা বেড়েছে। ডলারের দামের ওঠানামার সুযোগও অনেক প্রবাসী নিচ্ছেন। ফলে রেমিট্যান্স প্রবাহ গত কয়েক মাসে ইতিবাচক ধারায় রয়েছে।
আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের আগস্টের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। তবে জুলাই মাসের তুলনায় আগস্টে প্রবাহ কিছুটা কমেছে। জুলাইয়ে প্রবাসী আয় ছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার।
উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মার্চ মাসে দেশে রেকর্ড ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা এক মাসে দেশে আসা সর্বোচ্চ আয়। পরবর্তী সময়ে আর কোনও মাসে আয় ৩০০ কোটি ডলার ছাড়ায়নি।
বিশেষজ্ঞদের মতে, অর্থ পাচার হ্রাস ও হুন্ডি ব্যবসা কমে আসা এবং ব্যাংকিং চ্যানেলে স্থিতিশীল ডলার বিনিময় হারই প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবৃদ্ধির মূল কারণ।









