তেল ও গ্যাস কিনতে গিয়ে অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাগামহীন থাকায় প্রতিদিনই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে বলে জানান তিনি।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক খাত স্থিতিশীল হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে। তখন গ্রাহকরা তাদের অর্থ ফিরে পাবেন। প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকবে। এতদিন দেশে কার্যকর পুঁজিবাজার ছিল না, ছিল ক্যাসিনো।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখীসহ নানা কারণে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে। খাদ্য মূল্যস্ফীতি আরও কমাতে হবে।
পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে। প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ নয়, এর আর্থিক সম্ভাব্যতা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।