বিয়ে, উপহার কিংবা নিজের সঞ্চয়— বিভিন্নভাবে অনেকের ঘরে জমেছে স্বর্ণের গয়না। কারও কাছে আছে কয়েক ভরি, আবার কারও কাছে ১৫ থেকে ২০ ভরি বা তারও বেশি। এসব গয়নার বেশিরভাগই ব্যক্তিগত ব্যবহারের। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘরে থাকা সব স্বর্ণই যদি ব্যবহারের জন্য হয়, তাহলেও কি জাকাত দিতে হবে? যাদের ঘরে অনেক স্বর্ণ আছে, কিন্তু জাকাত দেওয়ার মতো নগদ টাকা নেই, তাদের করণীয় কী? অন্যদিকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এসব স্বর্ণের হিসাব কীভাবে দেখাতে হবে?
ধর্মীয় বিধান ও আয়কর আইনের দৃষ্টিতে বিষয়গুলো আলাদা হলেও স্বর্ণের মালিকদের জন্য দুটিই গুরুত্বপূর্ণ।
ব্যবহারের স্বর্ণেও কি জাকাত দিতে হবে?
ব্যবহারের স্বর্ণের জাকাত নিয়ে ইসলামি আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলেমের মতে, ব্যক্তিগত ব্যবহারের গয়না নিয়মিত পরা হলে তার ওপর জাকাত ফরজ নয়। তাদের যুক্তি, ব্যক্তিগত ব্যবহারের সম্পদের ওপর সাধারণত জাকাত প্রযোজ্য হয় না।
তবে হানাফি মাজহাবসহ অধিকাংশ আলেমের অনুসৃত মত অনুযায়ী, ব্যবহারের স্বর্ণের পরিমাণ নিসাব পূর্ণ হলে এবং তা এক হিজরি বছর মালিকানায় থাকলে জাকাত দিতে হবে। অর্থাৎ গয়না নিয়মিত ব্যবহার করা হলেও জাকাতের হিসাব থেকে তা বাদ যাবে না।
হানাফি মাজহাব অনুযায়ী, স্বর্ণের নিসাব সাড়ে সাত ভরি বা প্রায় ৮৭ দশমিক ৪৮ গ্রাম। কারও কাছে এই পরিমাণ বা তার বেশি স্বর্ণ থাকলে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে মোট জাকাতযোগ্য স্বর্ণের বাজারমূল্যের ২ দশমিক ৫ শতাংশ জাকাত দিতে হবে।
তবে স্বর্ণের পরিমাণ নিসাবের নিচে থাকলেও নগদ টাকা, রুপা কিংবা অন্যান্য জাকাতযোগ্য সম্পদ যুক্ত করে নিসাব পূর্ণ হচ্ছে কি না, তা হিসাব করতে হবে। ঋণ ও অন্যান্য দায়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
অর্থাৎ কারও ঘরে ১৫-২০ ভরি স্বর্ণ থাকলে সেগুলো ব্যবহার করা হয়– শুধু এই কারণে হানাফি মাজহাবের বিধান অনুযায়ী জাকাত থেকে অব্যাহতি পাওয়া যাবে না। অন্যদিকে ব্যক্তিগত ব্যবহারের স্বর্ণে যাকাত নেই– এমন আলেমদের মত অনুসরণ করলেও তা স্বীকৃত একটি ফিকহি মত। এ ক্ষেত্রে নিজের অনুসৃত মাজহাব ও নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।
স্বর্ণ আছে, কিন্তু জাকাত দেওয়ার টাকা নেই– কী করবেন?
অনেক পরিবারের ঘরে কয়েক লাখ বা তারও বেশি টাকার স্বর্ণ রয়েছে। কিন্তু সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা কিংবা অন্যান্য প্রয়োজনে হাতে নগদ টাকা নেই। ফলে জাকাত হিসাব করলেও তা পরিশোধ করা নিয়ে বিপাকে পড়েন অনেকে।
ইসলামি বিধান অনুযায়ী, যাদের ওপর জাকাত ফরজ হয়েছে, তাদের জাকাত পরিশোধ করতে হবে। নগদ টাকা না থাকলে কয়েকটি উপায়ে তা আদায় করা যায়।
প্রথমত, জাকাতের পরিমাণ অনুযায়ী সামান্য স্বর্ণ বিক্রি করে সেই অর্থ দিয়ে জাকাত দেওয়া যায়। দ্বিতীয়ত, নিজের সঞ্চয় বা বৈধ অন্য উৎস থেকে টাকা সংগ্রহ করে জাকাত পরিশোধ করা যায়। তৃতীয়ত, স্বর্ণের অংশ দিয়েও জাকাত আদায় করা যায়। অর্থাৎ মোট জাকাতযোগ্য স্বর্ণের ৪০ ভাগের এক ভাগ (২ দশমিক ৫ শতাংশ) দেওয়া যেতে পারে।
উদাহরণ হিসেবে, কারও কাছে ২০ ভরি জাকাতযোগ্য স্বর্ণ থাকলে ২ দশমিক ৫ শতাংশ হিসাবে জাকাত হবে আধা ভরি স্বর্ণের সমপরিমাণ। চাইলে এই পরিমাণ স্বর্ণ সরাসরি জাকাত হিসেবে দেওয়া যায়।
স্বর্ণের দাম হিসাবের ক্ষেত্রে জাকাত আদায়ের সময়কার বাজারমূল্য বিবেচনা করতে হবে। গয়নার ক্যারেট অনুযায়ী স্বর্ণের প্রকৃত মূল্য নির্ধারণ করাও জরুরি।
ঘরে স্বর্ণ থাকলেই কি আয়কর দিতে হবে?
জাকাতের হিসাবের সঙ্গে আয়কর রিটার্নের হিসাব এক নয়। ঘরে স্বর্ণ বা স্বর্ণের গয়না থাকলেই তার ওপর আলাদা করে আয়কর দিতে হয়– বিষয়টি এমন নয়। তবে আয়কর রিটার্নে সম্পদ বিবরণী দেওয়ার বাধ্যবাধকতা থাকলে স্বর্ণের গয়নার হিসাবও যথাযথভাবে উল্লেখ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্নে সম্পদ ও দায়ের বিবরণী অংশে স্বর্ণ, হীরা, মূল্যবান পাথর ও অন্যান্য অলংকারের জন্য নির্ধারিত খাতে এসব সম্পদের তথ্য দিতে হয়।
এ ক্ষেত্রে শুধু স্বর্ণের পরিমাণ নয়, তার মূল্যও উল্লেখ করতে হবে। যেমন, কারও কাছে দুই ভরি স্বর্ণের চুড়ি, তিন ভরি হার, এক ভরি কানের দুল এবং এক ভরি আংটি থাকলে মোট স্বর্ণের পরিমাণ হবে সাত ভরি। সম্পদ বিবরণীতে মোট পরিমাণ ও প্রযোজ্য মূল্য দেখাতে হবে।
পুরোনো ও উপহার পাওয়া স্বর্ণের মূল্য দেখাবেন কীভাবে?
আগের বছরগুলোতে কেনা স্বর্ণের গয়নার ক্ষেত্রে আগের রিটার্নে প্রদর্শিত মূল্য এবং হিসাবের ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। শুধু বাজারে স্বর্ণের দাম বেড়েছে বলে পুরোনো গয়নার মূল্য ইচ্ছামতো বাড়িয়ে দেখানো ঠিক নয়।
অন্যদিকে চলতি কর বছরে নতুন করে স্বর্ণ কিনলে তার প্রকৃত ক্রয়মূল্য সম্পদের হিসাবে যুক্ত করতে হবে। বিয়ে, জন্মদিন কিংবা অন্য কোনও অনুষ্ঠানে উপহার হিসেবে পাওয়া স্বর্ণও সম্পদ বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। উপহার পাওয়া গয়নার পরিমাণ, মূল্য নির্ধারণের ভিত্তি এবং প্রাপ্তির তথ্য সংরক্ষণ করা ভালো।
স্বর্ণ কেনার রসিদ, উপহার পাওয়ার প্রমাণ এবং আগের বছরের আয়কর রিটার্নের কপি সংরক্ষণ করলে পরবর্তী সময়ে সম্পদের হিসাব মেলানো সহজ হয়। স্বর্ণ বিক্রি বা হস্তান্তর করলে সেটিও সম্পদ বিবরণীতে যথাযথভাবে সমন্বয় করতে হবে।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন
স্বর্ণের হিসাব দেওয়ার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথমত, ঘরে থাকা সব স্বর্ণের মোট পরিমাণ নির্ভুলভাবে নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, নতুন কেনা ও পুরোনো স্বর্ণের হিসাব আলাদা রাখতে হবে। তৃতীয়ত, স্বর্ণ কেনার অর্থের উৎসের সঙ্গে আয় ও ব্যয়ের হিসাবের সামঞ্জস্য থাকতে হবে।