আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা শুনলেই অনেকের মনে নানা প্রশ্ন আসে। কোন ঘরে কী লিখতে হবে, আয়ের হিসাব কীভাবে দেখাতে হবে, সম্পদ ও দায়ের বিবরণ কোথায় দিতে হবে— এসব বুঝতে না পেরে অনেকে রিটার্ন তৈরির কাজ শুরু করেও শেষ করতে পারেন না। কারও কাছে পুরো প্রক্রিয়াটি এতটাই জটিল মনে হয় যে, কর কার্যালয় কিংবা আয়কর আইনজীবীর সহায়তা ছাড়া রিটার্ন জমা দেওয়া সম্ভব নয় বলে ধারণা করেন।
তবে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়া যাচ্ছে। এ জন্য কর কার্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই। এমনকি এ বছর অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় কোনও কাগজপত্র বা দলিল আপলোডও করতে হচ্ছে না। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সামনে রেখে ওয়েবসাইটে নির্ধারিত ঘরগুলো পূরণ করলেই রিটার্ন জমা দেওয়া সম্ভব।
২০২৬-২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে আগে যারা কাগজে রিটার্ন জমা দিতেন, তাদেরও অনলাইন পদ্ধতির সঙ্গে পরিচিত হতে হবে। তবে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সাজানো থাকায় সাধারণ করদাতারাও নিজেরাই রিটার্ন জমা দিতে পারবেন।
শুরু করবেন যেভাবে
অনলাইনে রিটার্ন জমা দিতে প্রথমে এনবিআরের ই-রিটার্ন ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের ঠিকানা www.etaxnbr.gov.bd। সেখানে ‘আই অ্যাম নট রেজিস্টার্ড ইয়েট’ অপশনে ক্লিক করে নিবন্ধন শুরু করতে হবে।
নিবন্ধনের জন্য প্রয়োজন হবে ১২ সংখ্যার টিআইএন এবং নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল, সেটিই থাকতে হবে এমন নয়। বর্তমানে নিজের এনআইডিতে নিবন্ধিত সচল নম্বর দিয়েও নিবন্ধন করা যাবে।
টিআইএন ও মোবাইল নম্বর দেওয়ার পর ‘ভেরিফাই’ অপশনে ক্লিক করলে মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে। সেটি নির্ধারিত ঘরে বসিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে যেকোনও সময় ই-রিটার্ন সিস্টেমে প্রবেশ করা যাবে।
মোবাইল নম্বরটি নিজের এনআইডিতে নিবন্ধিত কি না, তা নিশ্চিত হতে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা দিয়ে যাচাই করা যায়।
রিটার্ন পূরণের আগে যা প্রস্তুত রাখবেন
রিটার্ন পূরণ করতে গিয়ে মাঝপথে যেন থেমে যেতে না হয়, সে জন্য আগে থেকেই কয়েকটি তথ্য ও কাগজপত্র গুছিয়ে রাখা ভালো। যেমন- বেতনভোগী হলে সারা বছরের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিবরণী; ব্যবসা থাকলে ব্যবসার আয় ও ব্যয়ের হিসাব; বাড়ি বা ফ্ল্যাট ভাড়া থেকে আয় হলে ভাড়ার হিসাব; ব্যাংক হিসাব, এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্রের মুনাফার তথ্য; ব্যাংক স্টেটমেন্ট ও বিনিয়োগের বিবরণী; সারা বছরের ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের হিসাব; জমি, ফ্ল্যাট, গাড়ি, স্বর্ণালংকারসহ অন্যান্য সম্পদের বিবরণ; ব্যাংকঋণ, ব্যক্তিগত ঋণ ও অন্যান্য দায়ের তথ্য; উৎসে কেটে রাখা আয়কর ও আগে পরিশোধ করা করের প্রমাণ– এগুলো হাতের কাছে থাকলে অনলাইনে তথ্য পূরণ করা অনেক সহজ হবে।
আয়ের তথ্য দেবেন যেভাবে
ই-রিটার্নে প্রবেশ করার পর প্রথমেই আয়সংক্রান্ত তথ্য দিতে হবে। আপনার আয়ের উৎস অনুযায়ী নির্ধারিত খাত নির্বাচন করতে হবে। যেমন- চাকরি, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি, ব্যাংক আমানতের সুদ, সঞ্চয়পত্রের মুনাফা কিংবা অন্যান্য আয়।
ধরা যাক, একজন চাকরিজীবীর মাসিক বেতন ৫০ হাজার টাকা। বছরে তার মূল বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে যে আয় হয়েছে, তা সংশ্লিষ্ট খাতে উল্লেখ করতে হবে। আবার কারও বেতন ছাড়াও বাড়িভাড়া বা ব্যাংক আমানত থেকে আয় থাকলে সেগুলোও আলাদাভাবে দেখাতে হবে।
একইভাবে ব্যবসায়ীদের আয় ও ব্যয়ের তথ্য সংশ্লিষ্ট খাতে দিতে হবে। অর্থাৎ, আপনার আয় যে উৎস থেকেই আসুক না কেন, তা সঠিক খাতে উল্লেখ করাই মূল বিষয়।
ব্যয়, সম্পদ ও দায়ের হিসাব
রিটার্নে শুধু আয়ের তথ্য দিলেই হবে না। সারা বছরে ব্যক্তিগত ও পারিবারিক খাতে কত টাকা ব্যয় হয়েছে, সেটিও উল্লেখ করতে হবে। এর মধ্যে রয়েছে– পরিবারের দৈনন্দিন খরচ, বাসাভাড়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ব্যয়।
এরপর সম্পদের বিবরণ দিতে হবে। নিজের নামে থাকা জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যাংকে জমা টাকা, সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএসের তথ্য দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ করে ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে সম্পদের বিবরণী দিতে হয়। তবে আইন অনুযায়ী আরও কিছু শ্রেণির করদাতার জন্যও এই বিবরণী বাধ্যতামূলক।
একইভাবে ব্যাংকঋণ, ব্যক্তিগত ঋণ বা অন্য কোনও আর্থিক দায় থাকলে তা উল্লেখ করতে হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা বা সম্পদ উপহার পেলে কিংবা কাউকে উপহার দিলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী সেটিও রিটার্নে দেখাতে হবে।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে, নিজের অর্থে স্ত্রী, সন্তান কিংবা মা-বাবার নামে জমি বা ফ্ল্যাট কিনলে অর্থের উৎসের প্রমাণ সংরক্ষণ করা জরুরি। উপহার বা ঋণের মাধ্যমে অর্থ দেওয়া হলে তার যথাযথ প্রমাণ রাখতে হবে। আয়, ব্যয় ও সম্পদের হিসাবের মধ্যে সামঞ্জস্য থাকা গুরুত্বপূর্ণ।
কর হিসাব হবে স্বয়ংক্রিয়ভাবে
রিটার্ন জমার ক্ষেত্রে সাধারণ করদাতাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকে করের হিসাব নিয়ে। কত টাকা কর দিতে হবে, কোন বিনিয়োগে কর রেয়াত পাওয়া যাবে কিংবা আগে উৎসে কত টাকা কর কাটা হয়েছে– এসব হিসাব অনেকের কাছেই জটিল মনে হয়।
তবে ই-রিটার্ন ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে ইনপুট দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে করের হিসাব করে দেয়। বিনিয়োগ ও কর রেয়াতের প্রযোজ্য তথ্যও নির্ধারিত ঘরে দিতে হবে। আগে উৎসে কর কাটা হয়ে থাকলে তার তথ্য উল্লেখ করতে হবে। ফলে করদাতাকে নিজে হাতে জটিল হিসাব করার প্রয়োজন অনেকটাই কমে যায়।
ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন জমা
সব তথ্য পূরণ করার পর রিটার্নের বিভিন্ন অংশ ভালোভাবে যাচাই করতে হবে। কোনো তথ্য ভুল হয়েছে কি না, আয়, ব্যয়, সম্পদ ও দায়ের হিসাব ঠিক আছে কি না, তা নিশ্চিত হতে হবে।
কর পরিশোধের প্রয়োজন হলে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেট, নগদসহ অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে টাকা দেওয়া যায়। এরপর রিটার্ন সাবমিট করলেই জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
রিটার্ন জমা হওয়ার পর অনলাইন থেকেই প্রাপ্তিস্বীকারপত্র (অ্যাকনলেজমেন্ট স্লিপ) ও আয়কর সনদ ডাউনলোড করা যাবে। এগুলো ভবিষ্যতের প্রয়োজনে সংরক্ষণ করতে হবে। এ বছর অনলাইনে রিটার্ন জমা দিতে কোনও কাগজপত্র আপলোড করতে হবে না। তবে তথ্য পূরণের সময় প্রয়োজনীয় কাগজপত্র সামনে রাখা জরুরি।
সমস্যা হলে সহায়তা পাবেন যেভাবে
অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে কোনও সমস্যায় পড়লে এনবিআরের সহায়তা নেওয়া যাবে। এ জন্য কল সেন্টারের ০৯৬৪৩-৭১৭১৭১ নম্বরে যোগাযোগ করা যায়। সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নম্বরে ফোন করে ই-রিটার্নসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।
ই-রিটার্ন ব্যবস্থার অনেক সুবিধা মোবাইল ফোনে পাওয়া গেলেও সব বৈশিষ্ট্য ব্যবহার করা যায় না। তাই রিটার্ন পূরণ ও জমা দেওয়ার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করাই ভালো।
৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়তি কর নেই
২০২৬-২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতারা ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে রিটার্ন জমা দিলে বিলম্বজনিত অতিরিক্ত কর দিতে হবে না। তবে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাওয়ার সুযোগ ছিল। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমায় এ সুবিধা নেই।
অন্যদিকে, ৩১ ডিসেম্বরের পরও রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে অতিরিক্ত কর দিতে হবে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা, যেটি বেশি, অতিরিক্ত কর হিসেবে দিতে হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি, অতিরিক্ত কর দিতে হবে।