নাকছাবি এখন আর শুধু সাবেকি সাজের অনুষঙ্গ নয়। শাড়ি হোক বা জিন্স, পাশ্চাত্য পোশাকের সঙ্গেও দিব্যি মানিয়ে যায় নাকের এই ছোট্ট গয়না। তবে সব ধরনের নাকছাবি সকলের মুখে মানায় না। নাকের গড়ন বুঝে সঠিক নকশার নাকফুল বেছে নিলে সাজে আসতে পারে বাড়তি আকর্ষণ। তাই স্টাড, রিং না কি ঝোলা নথ কোনটি আপনার জন্য উপযুক্ত, জেনে নিন।
তীক্ষ্ণ নাক: নাক যদি উঁচু, সরু ও সামনের দিকে টিকোলো হয়, তা হলে ছোট হিরের স্টাড, সোনার ছিমছাম নাকফুল কিংবা ছোট পাথর বসানো নাকছাবি বেছে নিতে পারেন। সাধারণ গোল রিংও এমন নাকে ভাল মানায়। তবে খুব ভারী বা বড় নথ এড়িয়ে চলাই ভাল।
চওড়া নাক: নাকের সামনের অংশ চওড়া হলে একটু বড় নকশার নাকছাবি বেছে নিতে পারেন। বড় গোল রিং, পাথর বসানো নাকফুল কিংবা সাবেকি নথ এই ধরনের নাকে মানানসই। চ্যাপ্টা বা ছড়ানো ফুলের নকশার স্টাডও পরতে পারেন।
ছোট নাক: নাক ছোট ও সামনের দিকটা কিছুটা মোটা হলে ছোট হিরের স্টাড, সোনার পিন কিংবা ছোট ফুলের নকশার নাকছাবি ভালো মানাবে। পাতলা রিংও বেছে নিতে পারেন। তবে অতিরিক্ত বড় বা ভারী নথ পরলে মুখের স্বাভাবিক গড়ন আড়ালে চলে যেতে পারে।
লম্বাটে নাক: নাকের দৈর্ঘ্য বেশি হলে ঝোলা নাকছাবি বা একটু চওড়া নকশার হুপ পরতে পারেন। রঙিন পাথর বসানো নাকফুলও মানাবে। তবে খুব ছোট স্টাড বা বিন্দুর মতো নাকছাবি পরলে নাক আরও লম্বা দেখাতে পারে।
বোঁচা নাক: নাকের ব্রিজ চ্যাপ্টা বা বোঁচা হলে চৌকো কিংবা ত্রিকোণাকৃতির স্টাড বেছে নিতে পারেন। ছোট নথ, ছড়ানো নকশার পাথর বসানো নাকছাবি কিংবা মুক্তো ও রঙিন পাথরের কাজ করা নথও মানাবে। মরাঠি ধাঁচের নথও এই ধরনের নাকে বেশ আকর্ষণীয় দেখায়।
তবে নাকের গড়ন অনুযায়ী নাকছাবি বাছার পাশাপাশি মুখের আকৃতি, ব্যক্তিগত পছন্দ এবং পোশাকের ধরনও মাথায় রাখা জরুরি। কারণ সাজের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে নিজের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসে।