বীমা গ্রাহকদের দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধের কার্যক্রম শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২৩ জন গ্রাহকের বীমা দাবি বাবদ ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) এসব গ্রাহকের ব্যাংক হিসাবে সরাসরি টাকা স্থানান্তর করা হয়। আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, কোম্পানিটির সিকিউরিটি বন্ড নগদায়নের মাধ্যমে অর্থের সংস্থান করা হয়। পরে ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে। এতে দাবি পরিশোধের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।
দীর্ঘদিন ধরে ফারইস্ট ইসলামী লাইফের অনেক গ্রাহকের বীমা দাবি পরিশোধ হয়নি। এবার এসব দাবি পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট দাবিগুলো পরিশোধের জন্য কোম্পানির অন্যান্য সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইডিআরএ।
এ বিষয়ে আইডিআরএ বলেছে, বীমা গ্রাহকদের ন্যায্য দাবি পরিশোধ নিশ্চিত করতে সংস্থাটি দৃঢ়ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী মাসে আরও সাতটি বীমা কোম্পানির দীর্ঘদিনের অপরিশোধিত দাবি একই প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আইডিআরএর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকের স্বার্থ সুরক্ষা, বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং এ খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।









