বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে ইসলামী ব্যাংক হাসপাতালে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। এর ফলে হাসপাতালটির বিভিন্ন সেবার বিল পরিশোধে নগদ অর্থের পরিবর্তে কিউআর কোড স্ক্যান করে সহজেই লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘স্বাস্থ্য সেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন এখন শুধু সময়ের দাবি নয়, আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের অন্যতম ভিত্তি।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী উদ্যোগ বাংলা কিউআরের মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে। কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হচ্ছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, ডিজিটাল লেনদেনের ফলে প্রতিটি আর্থিক লেনদেনের একটি নির্ভরযোগ্য রেকর্ড থাকে। এতে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি লেনদেনের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। স্বাস্থ্যসেবা খাতেও এ ধরনের ডিজিটাল লেনদেনের বিস্তার হলে রোগী ও স্বজনদের নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে।
সভায় বক্তারা স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে নিয়মিত বিপুলসংখ্যক আর্থিক লেনদেন হয়ে থাকে। এসব লেনদেনে কিউআরভিত্তিক ব্যবস্থা চালু হলে অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি লেনদেনের হিসাব সংরক্ষণও সহজ হবে।
অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে হাসপাতালের সেবা নিতে আসা গ্রাহকদের জন্য নগদ অর্থের পাশাপাশি ডিজিটাল পেমেন্টের সুযোগ যুক্ত হলো।