রংপুরের পীরগঞ্জে মাদকসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও মশিউর রহমান নামে দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে যুবদল নেতা মিজানকে মাদকসহ গ্রেফতার করার ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। শেষ পর্যন্ত অভিযুক্ত মিজানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা যুবদলের প্যাডে বিজ্ঞপ্তিতে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিজানকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদারহাট এলাকায় মাদক বিক্রির অভিযোগে প্রথমে মশিউর রহমানকে আটক করেন স্থানীয়রা। পরে মাদকসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকেও আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আটক দুই জনকে নিজেদের হেফাজতে নেয় পীরগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, যুবদলের কোনও নেতাকর্মী মাদক কিংবা অন্যকোনও অপরাধের সঙ্গে জড়িত থাকলে দল তার দায় নেবে না।
অপরদিকে পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, দুপুরের দিকে স্থানীয়রা মাদকসহ দুই জনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে।