কোর ব্যাংকিং সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়নের কাজের জন্য টানা ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে পদ্মা ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। এ সময়ে ব্যাংকটির শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি এটিএম বুথ, ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জারি করা এক সার্কুলার লেটারে এই অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে সিস্টেম উন্নয়নের কাজ সম্পন্ন করা হবে। ফলে প্রায় চার দিন ব্যাংকটির গ্রাহকরা নিয়মিত ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সময়ে পদ্মা ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে চেকের মাধ্যমে লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে কোনো লেনদেন করা যাবে না।
শুধু শাখাভিত্তিক ব্যাংকিং নয়, বন্ধ থাকবে ব্যাংকটির সব ধরনের কার্ড ও ডিজিটাল সেবাও। এর মধ্যে রয়েছে ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অব সেলস (পিওএস), এটিএম বুথ, ই-কমার্স সাইট এবং ইন্টারনেট ব্যাংকিং। ফলে গ্রাহকরা এ সময় এটিএম থেকে টাকা উত্তোলন, কার্ড দিয়ে কেনাকাটা, অনলাইনে অর্থ পরিশোধ কিংবা এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্থানান্তর করতে পারবেন না।
কেন্দ্রীয় ব্যাংক পদ্মা ব্যাংককে ডাউনটাইমের বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশ দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত প্রচারণা অব্যাহত রাখার শর্তে ব্যাংকটিকে এ অনুমতি দেওয়া হয়েছে।
সার্কুলারটিতে সই করেছেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান।
এদিকে, টানা চার দিন ব্যাংকটির সব ধরনের লেনদেন ও ডিজিটাল সেবা বন্ধ থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং কাজ আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে টাকা উত্তোলন, জরুরি অর্থ স্থানান্তর, বিল পরিশোধ ও কার্ডের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা রাখার প্রয়োজন হতে পারে।