দেশের ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আসছে। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব ও পারিবারিক আধিপত্য কমাতে একগুচ্ছ নতুন বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদেও দায়িত্ব পালন করতে পারবেন না।
শুধু রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ বন্ধ নয়, পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা, একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা সীমিত করা এবং পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারীদের শেয়ার ধারণের বিশেষ সুযোগ এবং পরিচালকদের জবাবদিহি নিশ্চিত করতে কঠোর বিধান যুক্ত হচ্ছে।
ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম, ঋণ জালিয়াতি, খেলাপি ঋণের বিস্তার এবং একাধিক ব্যাংকের আর্থিক দুরবস্থার পরিপ্রেক্ষিতে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, ব্যাংকের পরিচালনা পর্ষদকে রাজনৈতিক ও পারিবারিক প্রভাবমুক্ত করে পেশাদার ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়াটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে অনুমোদনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। সংসদে পাস হলেই সংশোধিত বিধান কার্যকর হবে।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানও আইন সংশোধনের উদ্যোগের বিষয়টি জানান।
পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
প্রস্তাবিত সংশোধনীর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক পদধারীদের দূরে রাখা। খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা কোনও ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে তাদের ব্যাংকের এমডি বা সিইও পদে নিয়োগের ক্ষেত্রেও অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং স্বার্থের সংঘাত কমাতেই এ উদ্যোগ। কারণ, ঋণ বিতরণ, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে পরিচালনা পর্ষদ থেকে। সেখানে রাজনৈতিক প্রভাব থাকলে ব্যাংকের বাণিজ্যিক সিদ্ধান্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
এক পরিবার থেকে পরিচালক দুজন
ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক আধিপত্য কমাতে একই পরিবারের সদস্যদের অংশগ্রহণ সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিন জন সদস্য থাকতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।
এ ছাড়া একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মনোনীত পরিচালকের সংখ্যাও কমানো হচ্ছে। বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুজন পরিচালক থাকার সুযোগ থাকলেও নতুন খসড়ায় তা কমিয়ে একজন করার প্রস্তাব রয়েছে।
অতীতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যক্তিদের বসিয়ে ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে। এতে ঋণ বিতরণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। নতুন বিধানের মাধ্যমে কোনও একটি পরিবারের হাতে ব্যাংকের পরিচালনায় অতিরিক্ত নিয়ন্ত্রণ ঠেকাতে চায় সরকার।
পরিচালকদের মেয়াদ ১২ থেকে ৬ বছর
ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একজন পরিচালক টানা ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। নতুন খসড়ায় তা কমিয়ে ছয় বছর করার কথা বলা হয়েছে।
তবে ছয় বছর দায়িত্ব পালনের পরপরই একই ব্যাংকের পর্ষদে ফিরে আসার সুযোগ থাকছে না। পুনরায় পরিচালক হতে হলে তিন বছর বিরতি দিতে হবে। অর্থাৎ ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের বাইরে থাকতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের আগে পরিচালকদের টানা দায়িত্ব পালনের মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর আইন সংশোধন করে তা বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে তা আরও বাড়িয়ে ১২ বছর করা হয়েছিল। এবার আবার ছয় বছরে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাড়বে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা
পর্ষদে স্বতন্ত্র পরিচালকের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাবও রয়েছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে চারজন করার কথা বলা হয়েছে। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে অন্তত তিনজন করার প্রস্তাব রয়েছে।
একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্যতার শর্ত কঠোর করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তির আগের তিন বছরে ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থের সম্পর্ক থাকা যাবে না। বর্তমান বা ভবিষ্যতেও এমন স্বার্থসংশ্লিষ্টতার সুযোগ রাখা যাবে না।
এর উদ্দেশ্য, স্বতন্ত্র পরিচালকেরা যেন ব্যাংকের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রভাবমুক্ত থেকে সিদ্ধান্ত নিতে পারেন।
কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ
ব্যাংকের মূলধন বাড়ানো এবং ভালো বিনিয়োগকারী আকৃষ্ট করতে কৌশলগত বিনিয়োগকারীদের শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমান আইনে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা একক বা যৌথভাবে সরাসরি কিংবা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করতে পারেন না। নতুন প্রস্তাবে ব্যাংক খাতের স্বার্থে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।
এ ক্ষেত্রে বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ সুযোগ সাধারণ বিনিয়োগকারীদের জন্য নয়; বিশেষভাবে বিবেচিত কৌশলগত বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য হবে।
পরিচালকদের ঋণ ও অনুপস্থিতিতে কঠোরতা
পরিচালক পদে থাকার সময় ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। খসড়া অনুযায়ী, কোনও পরিচালকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকবে না।
পর্ষদ সভায় পরিচালকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও নতুন বিধান যুক্ত হচ্ছে। কোনও পরিচালক একটানা তিন মাসের বেশি সময় সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এ ধরনের ছুটি বছরে সর্বোচ্চ একবার নেওয়া যাবে।
বাড়ছে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা
ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। নতুন বিধান অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন মনে করলে পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানোর ক্ষমতাও থাকবে। তবে এ মেয়াদ তিন বছরের বেশি হতে পারবে না।
পর্ষদ গঠন, পরিচালকদের নির্বাচন এবং ব্যাংকের সংঘবিধি পরিবর্তনের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার সর্বনিম্ন সীমা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।