বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের অর্থনীতিতে সম্প্রসারণের গতি কিছুটা কমেছে। জানুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচক ডিসেম্বরের তুলনায় শূন্য দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৯-এ। এর আগের মাস ডিসেম্বরে এই সূচকের মান ছিল ৫৪ দশমিক ২।
সর্বশেষ পিএমআই সূচক অনুযায়ী, জানুয়ারিতে কৃষি, উৎপাদন ও সেবা— এই তিন খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। পাশাপাশি আগের মাসে সংকোচনের পর নির্মাণ খাত আবারও সম্প্রসারণে ফিরে এসেছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি ও উৎপাদন খাতে সম্প্রসারণের গতি ডিসেম্বরের তুলনায় কমেছে। জানুয়ারিতে কৃষি খাতের পিএমআই সূচকের মান ছিল ৫৩ এবং উৎপাদন খাতের ৫২ দশমিক ১। অপরদিকে নির্মাণ খাতে সূচকের মান দাঁড়িয়েছে ৫৮ দশমিক ২ এবং সেবা খাতে ৫৪ দশমিক ১, যা তুলনামূলকভাবে শক্তিশালী সম্প্রসারণ নির্দেশ করে।
প্রসঙ্গত, দেশের অর্থনীতির প্রধান চারটি খাত— কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা নিয়ে প্রতি মাসে এই পিএমআই সূচক প্রকাশ করা হয়। সূচকের মান ৫০-এর ওপরে থাকলে সংশ্লিষ্ট খাতে সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচনের ইঙ্গিত দেয়।
ভবিষ্যৎ ব্যবসা সূচকের ক্ষেত্রে অবশ্য ভিন্ন চিত্র উঠে এসেছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা— সব প্রধান খাতেই দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে। এতে বোঝা যাচ্ছে, সামগ্রিকভাবে ব্যবসায়ীরা ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী।
তবে জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের মতে, বর্তমানে সার্বিক ব্যবসায়িক পরিবেশ দুর্বল ও অনিশ্চিত। কাঁচামাল, শ্রম, পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, অথচ প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। এর ফলে অনেক খাতে লাভজনকতা চাপে পড়েছে।
এ ছাড়া আসন্ন নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বড় উদ্বেগ হিসেবে কাজ করছে। এর প্রভাবে কার্যাদেশ স্থগিত, নতুন বিনিয়োগে অনীহা এবং ক্রেতাদের সতর্ক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমি প্রভাব ও আমদানির কারণে কিছু খাতে চাহিদা আরও কমেছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। অনেক ব্যবসায়ী মার্চের পর বা নির্বাচনের পর পরিস্থিতির উন্নতির আশা করছেন। তাদের মতে, বর্তমানে উচ্চ ব্যয় ও নগদ অর্থের সংকট ব্যবসা-বাণিজ্যে বাড়তি চাপ সৃষ্টি করছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, সামগ্রিকভাবে অর্থনৈতিক সম্প্রসারণের গতি শ্লথ হয়ে এসেছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থা পুনরুদ্ধারের গতি কমে যাওয়া এবং নতুন কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক অবস্থান রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, শরৎকালীন ধান কাটায় বিলম্বের কারণে কৃষি খাতেও মন্দার লক্ষণ দেখা যাচ্ছে। তবে ভবিষ্যৎ ব্যবসা সূচকে অর্থনীতির সব প্রধান খাতে যে ধারাবাহিক সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা দীর্ঘমেয়াদে টেকসই আশাবাদের বার্তা দিচ্ছে।
উল্লেখ্য, ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে প্রতি মাসে এই পিএমআই সূচক প্রণয়ন ও প্রকাশ করে। রোববার জানুয়ারি মাসের পিএমআই সূচক প্রকাশ করা হয়েছে।








