ডিজিটাল মাধ্যম ছাড়া সামাজিক নিরাপত্তার সেবা নয়: রাশেদ আল মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৬:৪৭আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:৪৭

ভবিষ্যতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনও সেবা ডিজিটাল মাধ্যম ছাড়া দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘‘সামাজিক সুরক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ গড়ে তুলছে, যার মূল ভিত্তি হবে আন্তঃসংযোগযোগ্যতা (ইন্টার-অপারেবিলিটি)।’’

বুধবার (৪ মার্চ) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘লুকিং ইনটু বাংলাদেশ’স ডেভেলপমেন্ট: প্রায়োরেটি ফর দ্য নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট ইন দ্য শর্ট টু মিডিয়াম টার্ম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিপিডি ও দ্য ডেইলি স্টার যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “আমাদের কোনও সেবা আর ভবিষ্যতে হবে না, যেটা ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে না।” তিনি জানান, সরকারের লক্ষ্য ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ ব্যবস্থা চালু করা। এর মাধ্যমে নাগরিকের সব তথ্য একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে, ফলে ভাতা বিতরণে লিকেজ ও অনিয়ম কমবে।’’

সামাজিক সুরক্ষায় তিন বড় সমস্যা

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বর্তমান কাঠামোতে তিনটি বড় সমস্যার কথা তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, ‘‘যাদের তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, তারা বাদ পড়ে যাচ্ছেন (এক্সক্লুশন এরর), আবার যাদের অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়, তারা তালিকায় চলে আসছেন (ইনক্লুশন এরর)। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ছড়িয়ে-ছিটিয়ে ও খণ্ডিতভাবে পরিচালিত হওয়ায় সমন্বয়ের অভাব রয়েছে।’’

তার মতে, একক শনাক্তকরণ পদ্ধতি ও ডিজিটাল কার্ড চালুর মাধ্যমে এসব ত্রুটি দূর করা সম্ভব।

সর্বজনীনের পথে সামাজিক সুরক্ষা

মূল্যস্ফীতির দীর্ঘস্থায়ী প্রভাবের কথা উল্লেখ করে রাশেদ আল মাহমুদ বলেন, ‘‘মধ্যবিত্তের একটি অংশ নিম্ন-মধ্যবিত্তে এবং নিম্ন-মধ্যবিত্তের অনেকেই দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন। এ বাস্তবতায় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হবে।’’

তিনি জানান, সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে, যা নারীকেন্দ্রিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করবে। “আমরা টার্গেটভিত্তিক ব্যবস্থা থেকে ধীরে ধীরে সর্বজনীনের দিকে যাচ্ছি,” বলেন তিনি।

রাজস্বনীতিতে অপচয় রোধে জোর

রাজস্ব ব্যবস্থাপনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘‘সীমিতসংখ্যক বড় করদাতার ওপর নির্ভর করে কর আহরণ টেকসই নয়।’’ এলটিইউ-নির্ভর কর আদায়কে তিনি ‘রোগ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘কর-সংস্কৃতির বিস্তার ঘটাতে হবে এবং কর-জিডিপি অনুপাত বাড়াতে হবে।’’

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সম্প্রসারণমূলক রাজস্বনীতি গ্রহণের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘‘কঠোর মিতব্যয়িতাও সম্ভব নয়।’’ “এখানে একটাই উপায়— অপচয় রোধ করা,” মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ খাতে ভর্তুকি অসহনীয়

বিদ্যুৎ খাতে প্রায় ৬০ হাজার কোটি টাকার ভর্তুকিকে ‘অসহনীয়’ উল্লেখ করে রাশেদ আল মাহমুদ বলেন, এ ব্যয় দীর্ঘমেয়াদে টেকসই নয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ চুক্তি পুনঃআলোচনা, সিস্টেম লস কমানো এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। স্বাগত বক্তব্য দেন মাহফুজ আনাম। এতে ব্যবসায়ী ও নীতিনির্ধারকসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখ পোশাকশ্রমিক, বেশি ক্ষতির মুখে নারীরা 
‘নিরাপত্তাকৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’
নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগদেশব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত