সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪

যশোরের অন্যতম অর্থকরী ফসল বিভিন্ন ধরনের সবজি। সবজি চাষে শীর্ষে যশোর জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এ হিসাবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  

যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, সবজি আবাদে জেলার ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক জড়িত। গত এক বছরে যশোর জেলায় ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে নানা ধরনের সবজির চাষ হয়েছে। এসময়ে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। 

গত এক বছরে রবি মৌসুমে ১৯ হাজার ৭৫০ হেক্টর  জমিতে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ মেট্রিক টন, খরিপ-১ মৌসুমে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে  ২ লাখ ৬৯ হাজার ৮২৫ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে ১ লাখ ৫১ হাজার ৫০ মেট্রিক টন সবজি উৎপন্ন হয়। 

অধিদফতরের হিসাব অনুযায়ী, প্রতি কেজি সবজির গড় মূল্য ৩০ টাকা ধরলে গত বছর জেলায় ২ হাজার ৬৫৫ কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। যশোরের ৩০ লাখ মানুষের সবজির গড় চাহিদা বছরে ৪ লাখ মেট্রিক টন। বাকি প্রায় ৫ লাখ মেট্রিক টন সবজি রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যায়।

জেলার ‘সবজি জোন’ হিসেবে খ্যাত সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর, বাগাডাঙ্গা এলাকা ঘুরে দেখা যায় মাঠের পর মাঠ সবজি। বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজির চাষ হচ্ছে। 

শুধু শীতকাল নয়, আধুনিক পদ্ধতিতে এসব এলাকায় সারা বছর জুড়ে সবজি উৎপাদন হয়। এখন এসব মাঠে ৩৯ ধরনের সবজির চাষ হচ্ছে। এগুলো হলো ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লাল শাক, সবুজ শাক, লাউ, মিস্টি কুমড়া, বেগুন, চালকুমড়া, টমেটো, মূলা, বরবটি, ডাঁটাশাক, পুঁইশাক, ঢ্যাঁড়স, শিম, চিচিঙ্গা, ঝিঙা, করলা, উচ্ছে, গাজর, শালগম, ওলকচু, ভাতিশাক, শসা, পেঁপে, কাঁচাকলা, মানকচু, মেটে আলু, লতিরাজ, পানিকচু, বিট, কাঁকরোল, ক্যাপসিকাম, সজিনা, বিচিকলা, মটরশুঁটি, গিমাকলমি ও ধনিয়া পাতা।

জেলার সবজি বাজারকে কেন্দ্র করে সদর উপজেলার সাতমাইল-বারিনগরে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির হাট। প্রতিদিন ভোর থেকে এ হাটে কৃষক, ব্যাপারী আর শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে। ট্রাক ভরে ভরে সবজির চালান যেতে থাকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায়।

কৃষি অধিদফতর জানায়, যশোর সদর উপজেলার আব্দুলপুর ও আশপাশের এলাকায় চলতি মৌসুমে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদিত হচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। তিন শতাধিক কৃষক প্রায় আট হেক্টর জমিতে চারা তৈরি করেন।

জেলা সদরের হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের কৃষক শ্যামল বিশ্বাস (৫৬) ছোটোবেলা থেকেই বাবার সঙ্গে ক্ষেতে কাজ করতেন। তিনি ১৯৯৭ সালে দুই বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। প্রথম দফায় কালো বেগুন চাষ করে ভালো ফলন পান। পরে বিভিন্ন রকমের সবজি চাষ শুরু করেন।

পরে সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চারা তৈরির জন্য নার্সারি গড়ে তোলেন। তিন শতক জমির এ নার্সারিতে তৈরি বিভিন্ন সবজির চারা তিনি নিজে ব্যবহার করেন এবং অন্য কৃষকদের কাছেও বিক্রি করেন। নিজেই তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা জৈব সার। প্রতি মাসে দুই থেকে তিন টন জৈব সার বিক্রি করেন।

চুড়ামনকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলাম (৪৫) এবার এক বিঘা জমিতে পটল, চার বিঘা জমিতে আলু এবং দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। ৫ বিঘা জমিতে মূলার চাষও করেছিলেন। সবজি চাষ করে তার চারজনের পরিবার ভালোভাবেই চলে যাচ্ছে। 

দৌলতদীহী গ্রামের বারেক হোসেন (৩৭) এক বিঘা জমিতে সিম, ৫ কাঠা জমিতে পুঁইশাক এবং ১০ কাঠা জমিতে পটলের চাষ করেছেন। তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি।’

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান বলেন, যশোরে বিপুল পরিমাণ সবজি হয়। তাই এখানে সবজিভিত্তিক ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয় চাষিরা লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘সবজি চাষে পুরো দেশের মধ্যে যশোর জেলা দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। এ জেলায় অধিদফতরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস করা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কৃষকদের সংযুক্ত করে দেওয়া হয়। নতুন নতুন জাতের সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আধুনিক সেচ পযুক্তিও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া সময়ে সময়ে যেসব সমস্যার উদ্ভব হয়, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।’ খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
মহাকাশ থেকে ফেরা স্টারশিপকে ধরে তাক লাগালো স্পেসএক্স
মহাকাশ থেকে ফেরা স্টারশিপকে ধরে তাক লাগালো স্পেসএক্স
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
সোলানোর কৌশলে বাংলাদেশকে আটকে দেয় পাকিস্তান, কাঠগড়ায় ডুলি
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ