‘কয়েকটা সবজির দাম কিছুটা কমলেও কাঁচামরিচ, ডিম, মাছ কিংবা মাংসের দামে কোনও স্বস্তি নেই। বাজারে এলে দেখা যায়, এক পণ্যের দাম কমলে আরেকটির দাম বেড়ে যায়। সংসারের খরচ তো শুধু সবজিতে সীমাবদ্ধ নয়– চাল, তেল, মাছ, মাংস সবই লাগে। কিন্তু আয় না বাড়ায় আগের বাজেটে এখন অর্ধেক বাজারও করা যাচ্ছে না। হিসাব কষে, অনেক কিছু কাটছাঁট করে কোনোমতে বাজার সারতে হচ্ছে।’
কথাগুলো বলছিলেন পুরান ঢাকার রায়সাহেব বাজারে শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজার করতে আসা রফিক নবী নামে এক ক্রেতা।
বাজার দরের বিষয়ে ওই বাজারের সবজি বিক্রেতা নাঈম হাসান বলেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কয়েকটি পণ্যের দাম আগের চেয়ে কমেছে। তবে কাঁচামরিচের দর এখনও চড়া। আমরা শ্যামবাজারের পাইকারি আড়ত থেকে মালামাল সংগ্রহ করি; সেখানে যে দামে কিনতে হয়, সে অনুযায়ীই বিক্রি করতে হয়।
শুক্রবার রায়সাহেব বাজার ঘুরে দেখা গেছে, শীতের আমেজের সঙ্গে বেশ কিছু সবজির জোগান বেড়েছে। এর ফলে কোনও কোনও সবজির দর কমেছে, তবে অনেক পণ্যেই উচ্চমূল্য বহাল রয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং ঝিঙা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ প্রতিটি ৫০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে নতুন আলুর দাম এখনও বেশি; প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। শাকের বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে। প্রতি কেজি তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা ও কাতলা ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে ইলিশের দর আরও চড়া; কেজিপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
ডিমের বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির লাল ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।