এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না। তবে প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জণগনের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুত রয়েছে। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, মজুত করা তেলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল; যার পরিমাণ ১ লাখ ২২ হাজার ৬৬০ টন। এছাড়া কেরোসিন রয়েছে ৯ হাজার ৩৭৮ টন, অকটেন ৯ হাজার ২১ টন এবং পেট্রোল ১২ হাজার ১৯৪ টন। এদিকে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহৃত ফার্নেস অয়েল মজুত রয়েছে ৫৮ হাজার ৭৩৬ টন। পাশাপাশি বিমান পরিবহনে ব্যবহৃত জেট ফুয়েল রয়েছে ৪১ হাজার ৮৭৬ টন এবং নৌপরিবহনের জন্য মেরিন ফুয়েল মজুদ রয়েছে ১ হাজার ১৫৩ টন।
মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বছরে ডিজেলের চাহিদা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। অকটেন এবং পেট্রোল মাসে দরকার হয় ৭০ হাজার মেট্রিক টন। পেট্রোল এবং অকটেনের পর্যাপ্ত মজুত আছে। কোনও সংকট নেই। কোনও সংকট নেই ডিজেলের ক্ষেত্রেও। এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ আছি।
তিনি আরও বলেন, প্যানিক বায়িং এখনও বন্ধ হয়নি, যার প্রভাব পড়ছে পেট্রোল পাম্পে। মজুতের প্রবণতাও আছে। যথা নিয়মে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পরিশোধিত জ্বালানি তেল যথাযথ পরিমাণে আছে।









