পোশাক কারখানার ছাদেই সম্ভব ২৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ আগস্ট ২০২৬, ০০:৫৯আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০০:৫৯

দেশের তৈরি পোশাক কারখানাগুলোর অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। শুধু ৩ হাজার ৩২০টি পোশাক কারখানার ছাদে সর্বোচ্চ ২ হাজার ৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এর মাধ্যমে পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ মেটানো যেতে পারে। অথচ বর্তমানে এ খাতে সৌরবিদ্যুৎ থেকে আসছে মাত্র ৩ শতাংশ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে ‘পোশাক কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা: চীনা প্রত্যক্ষ বিনিয়োগ সুযোগ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সমীক্ষার তথ্য উপস্থাপন করেন সিপিডির গবেষণা সহযোগী আবরার আহাম্মেদ ভূঁইয়া ও নূর ইয়ানা জান্নাত। এতে পোশাক খাতের উদ্যোক্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নেন।

১৩ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা

সিপিডির সমীক্ষা বলছে, পোশাক কারখানার ছাদে সৌরবিদ্যুতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে প্রায় ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হবে। সমীক্ষায় অন্তর্ভুক্ত কারখানাগুলোর মধ্যে ৩৭৫টির ছাদ সৌর প্যানেল স্থাপনের জন্য ইতোমধ্যে প্রস্তুত। এসব কারখানায় দ্রুত বিনিয়োগ করা সম্ভব।

আরও ১ হাজার ১৪২টি কারখানায় সৌরবিদ্যুৎ স্থাপনের আগে কিছুটা বিনিয়োগ ও প্রস্তুতির প্রয়োজন হবে। অন্যদিকে ৩৯৭টি কারখানায় এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য তুলনামূলক বেশি প্রস্তুতি প্রয়োজন বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

সিপিডি বলছে, এ বিনিয়োগে সরকারি প্রতিষ্ঠান অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেড (ইডকল) সহায়তা করতে পারে। একইসঙ্গে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ফলে চীনা প্রত্যক্ষ বিনিয়োগের মাধ্যমে পোশাক কারখানার ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের একটি বড় সুযোগ রয়েছে।

তবে এ সম্ভাবনা কাজে লাগানোর পথে সরকারি বিভিন্ন সংস্থার অতিরিক্ত নিয়ন্ত্রণ, অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে উচ্চ শুল্ককে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে সিপিডি। সমীক্ষা অনুযায়ী, সৌরবিদ্যুৎ সরঞ্জামের গড় শুল্ক ৪০ শতাংশেরও বেশি।

৯৭ লাখ বর্গমিটার ছাদ অব্যবহৃত

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে দেশের ৩ হাজার ৩২০টি পোশাক কারখানার ছাদ ও সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাই করেছে সিপিডি। এতে দেখা গেছে, দেশের বস্ত্র ও পোশাক খাতে প্রায় ৯৭ লাখ বর্গমিটার অব্যবহৃত ছাদ রয়েছে।

এই বিশাল জায়গা যথাযথভাবে ব্যবহার করা গেলে সর্বনিম্ন প্রায় ১ হাজার ৭৬৮ মেগাওয়াট-পিক এবং সর্বোচ্চ ২ হাজার ৮১৫ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

গবেষণায় বলা হয়, বর্তমানে বস্ত্র ও পোশাক খাতে ব্যবহৃত মোট জ্বালানির মাত্র ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে। ছাদে সৌরবিদ্যুতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো গেলে পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করা সম্ভব।

এ সম্ভাবনার গুরুত্ব আরও বেড়েছে সাম্প্রতিক জ্বালানি সংকটে। গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে অনেক পোশাক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশে নেমে এসেছে। ফলে কারখানার ছাদে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন শিল্পের জন্য বিকল্প জ্বালানি উৎস তৈরির পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও ভূমিকা রাখতে পারে।

গ্রিডের বিদ্যুতের চেয়ে অর্ধেকেরও কম খরচ

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অন্যতম বড় সুবিধা হলো এর তুলনামূলক কম খরচ। সিপিডির হিসাবে, ছাদে উৎপাদিত সৌরবিদ্যুতের প্রতি ইউনিটের গড় খরচ পড়তে পারে মাত্র ৩ টাকা ৪ পয়সা। জাতীয় গ্রিড থেকে কেনা বিদ্যুতের তুলনায় এই খরচ অর্ধেকেরও কম।

সমীক্ষায় হিসাব করে দেখানো হয়েছে, একটি কারখানার মোট বিদ্যুৎ চাহিদার ৩০ শতাংশ সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করা গেলে মাসিক মোট বিদ্যুৎ ব্যয় প্রায় ১৫ দশমিক ৭ শতাংশ কমতে পারে। আর মোট চাহিদার মাত্র ১০ শতাংশ সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করলেও বিদ্যুৎ ব্যয় প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কমানো সম্ভব।

অর্থাৎ, সৌরবিদ্যুতে বিনিয়োগ শুধু পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি করবে না, বরং দীর্ঘমেয়াদে কারখানার উৎপাদন ব্যয়ও কমাবে।

হা-মীমের কারখানায় ইতিবাচক ফল

দেশের শিল্প খাতে ছাদ সৌরবিদ্যুতের সফল উদাহরণ হিসেবে হা-মীম গ্রুপের বিভিন্ন কারখানার কথা তুলে ধরেছে সিপিডি।

গ্রুপটির কালীগঞ্জ ও মাওনাসহ বিভিন্ন এলাকায় ডেনিম, স্পিনিং ও টেক্সটাইল কারখানায় ছাদ সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এসব কারখানার মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৫ দশমিক ৬ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণ হচ্ছে। ভবিষ্যতে এ অংশ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

হা-মীম গ্রুপের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রধান তানুল চক্রবর্তী বলেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। সিলেটে গ্রুপের নিজস্ব চা-বাগানের জমি ব্যবহার করে ৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কারখানায় বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

তবে বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তিনি। বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট, সৌরবিদ্যুৎ সরঞ্জামের উচ্চ শুল্ক এবং ঋণের উচ্চ সুদকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতাদের কাছে সবুজ জ্বালানি ব্যবহারের বিষয়ে জবাবদিহি বাড়ায় এ ধরনের বিনিয়োগের প্রয়োজনীয়তাও দিন দিন বাড়ছে বলে জানান।

বৈশ্বিক ক্রেতাদের চাপ বাড়ছে

সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পোশাক ব্র্যান্ড ও ক্রেতাদের পরিবেশবান্ধব উৎপাদনের চাপ ক্রমেই বাড়ছে। এইচঅ্যান্ডএম, ইনডিটেক্স, ওয়ালমার্ট, গ্যাপ ও এমঅ্যান্ডএসের মতো বড় ব্র্যান্ডগুলো সরবরাহকারীদের কার্বন নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে যেতে উৎসাহিত করছে।

ফলে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর জন্য সৌরবিদ্যুতে বিনিয়োগ এখন শুধু বিদ্যুৎ খরচ কমানোর বিষয় নয়; আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার সঙ্গেও এটি সরাসরি যুক্ত।

সমীক্ষায় ইউরোপীয় ইউনিয়নের টেকসই সরবরাহব্যবস্থা ও কার্বন নিঃসরণ কমানোর নীতির কথাও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত শর্ত পূরণ করতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

জ্বালানি সংকট নিয়ে সতর্কতা

আলোচনায় বিকেএমইএর পরিচালক মিনহাজ উল হক বলেন, জ্বালানি সংকটের কারণে তুরস্কে ৫ হাজার কারখানা বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে সরকারকে এখনই ভাবতে হবে বলে তিনি সতর্ক করেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার বণিক বলেন, বর্তমানে দেশের ৬৪১টি সেচ পাম্প সৌরবিদ্যুতে চলছে। ভবিষ্যতে দেশের সব সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতির সহসভাপতি জাহিদুল আলম বলেন, বাণিজ্যিকভাবে সৌর প্যানেল আমদানির ক্ষেত্রে শুল্কহার নিয়ে এক ধরনের জটিলতা রয়েছে। ঘোষিত শুল্কের বাইরে প্রতি কেজিতে ৩ ডলার করে শুল্কায়নের ফলে প্রকৃত আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ আহমেদ বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) অনেক ক্ষেত্রে নিজেদের মূল দায়িত্বের বাইরে কাজ করছে। এতে প্রতিষ্ঠানটির মূল দায়িত্ব পালনের সক্ষমতা ব্যাহত হচ্ছে।

সম্ভাবনা আছে, দরকার নীতির পরিবর্তন

সিপিডির সমীক্ষার মূল বার্তা হলো—বাংলাদেশের পোশাক খাতের মাথার ওপরই রয়েছে বিপুল পরিমাণ বিদ্যুতের সম্ভাবনা। যে ছাদগুলো এতদিন মূলত অব্যবহৃত ছিল, সেগুলোকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো গেলে একদিকে কারখানার বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব হবে।

একইসঙ্গে জ্বালানি সংকটের সময় কারখানাগুলো নিজেদের বিদ্যুতের একটি অংশ নিজেরাই উৎপাদন করতে পারবে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমার পাশাপাশি পোশাক শিল্পের পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাও শক্তিশালী হবে।

তবে ২ হাজার ৮১৫ মেগাওয়াটের সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে শুধু উদ্যোক্তাদের আগ্রহ যথেষ্ট নয়। প্রয়োজন সহজ অনুমোদন প্রক্রিয়া, সৌর সরঞ্জামের শুল্ক কমানো, কম সুদে অর্থায়ন, দীর্ঘমেয়াদি নীতিগত নিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

সিপিডির সমীক্ষা বলছে, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ছাদ সৌরবিদ্যুৎ এখন আর কেবল পরিবেশ রক্ষার উদ্যোগ নয়; এটি একইসঙ্গে জ্বালানি নিরাপত্তা, উৎপাদন ব্যয় কমানো, রপ্তানি প্রতিযোগিতা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ।

/জিএম/এম/
সম্পর্কিত
সংকটে বাড়ছে খরচ, আঁচ লেগেছে টিফিন বক্সেও
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
‘গ্যাস নেই, রাইস কুকারে ভাত বসাতেই বিদ্যুৎ চলে গেছে’
সর্বশেষ খবর
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল