‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?

সঞ্চিতা সীতু
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও মারাত্মকভাবে সীমিত থাকায় এশিয়া ও ইউরোপের ক্রেতাদের এলএনজি সরবরাহে ‘ফোর্স মেজর’-এর মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। বাংলাদেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রেও সেপ্টেম্বরের পর মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে কাতারের দোহা নিউজ।

তবে এই সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশে এখনই পড়বে না বলে জানিয়েছেন পেট্রোবাংলার এক কর্মকর্তা। তার দাবি, বর্তমানে বাংলাদেশ কাতার থেকে এলএনজি আমদানি করছে না। তবে অন্য এক কর্মকর্তা বলছেন, ভবিষ্যতে স্পট মার্কেট থেকে বেশি এলএনজি আমদানি করতে হলে ব্যয় বাড়ার শঙ্কা রয়েছে।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। গত মার্চে ইরানের হামলার পর এলএনজি সরবরাহে ‘ফোর্স মেজর’ ঘোষণা করে কাতার। নতুন করে এশিয়া ও ইউরোপের দেশগুলোর জন্য এর মেয়াদ বাড়ানোর খবরে বাংলাদেশের এলএনজি আমদানি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

ফোর্স মেজর কী


ফোর্স মেজর হলো একটি আইনি ও ব্যবসায়িক চুক্তিভিত্তিক ধারা। কোনো কোম্পানি বা দেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অনিবার্য দুর্ঘটনা বা বড় ধরনের বিপদের কারণে চুক্তি অনুযায়ী তেল বা গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হলে এই ধারা ঘোষণা করতে পারে। এর ফলে চুক্তি অনুযায়ী সরবরাহ করতে না পারার জন্য প্রতিষ্ঠানটি পেনাল্টি বা জরিমানার দায় থেকে মুক্তি পায়।

বাংলাদেশের সঙ্গে কাতারএনার্জির চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি এলএনজি সরবরাহ করতে ব্যর্থ হলে পেনাল্টি বা জরিমানা দেওয়ার কথা। ফোর্স মেজর ঘোষণার ফলে সেই দায় থেকে প্রতিষ্ঠানটি মুক্তি পাবে।

মেয়াদ বাড়ালো কাতারএনার্জি

কাতারের দোহা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও মারাত্মকভাবে সীমিত থাকায় এলএনজি কার্গো বাতিলের সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের জানিয়েছে কাতারএনার্জি। দোহা নিউজ তাদের প্রতিবেদনে ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনকে সূত্র হিসেবে উল্লেখ করেছে।

ব্লুমবার্গের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে পাকিস্তানের ক্রেতাদের কাতারএনার্জি জানিয়েছে, অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিল হতে পারে। বাংলাদেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রেও ফোর্স মেজরের মেয়াদ সেপ্টেম্বরের পর বাড়ানো হয়েছে। ইউরোপের আরও কয়েকজন ক্রেতাও একই ধরনের নোটিশ পেতে শুরু করেছেন।

ইতালির জ্বালানি কোম্পানি এডিসন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কাতারএনার্জি ইতালির অ্যাড্রিয়াটিক এলএনজি টার্মিনালে নির্ধারিত আরও পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ করতে পারবে না। এর ফলে এপ্রিলের শুরু থেকে কার্যকর থাকা ফোর্স মেজরের মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়ল।

এডিসন জানিয়েছে, সব মিলিয়ে তাদের ২৯টি এলএনজি কার্গো সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিজেদের গ্রাহকদের চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ মেয়াদ বাড়ানোর ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কাতার থেকে এলএনজি রপ্তানি এখনও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

হামলার পর এলএনজি সরবরাহে বিঘ্ন

৪ মার্চ কাতারএনার্জি প্রথম এলএনজি কার্যক্রম স্থগিত করে এবং ফোর্স মেজর ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্নের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর মার্চে কাতারএনার্জির রাস লাফান এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় অবকাঠামোর ক্ষতি হয়। কাতারএনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতা ১৭ শতাংশ কমে গেছে।

জুলাইয়ে কাতারের এলএনজি ট্যাংকার ‘আল রেকায়্যাত’ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। কাতার এ ঘটনায় ইরানকে দায়ী করে। হামলায় জাহাজটির বাম পাশ ক্ষতিগ্রস্ত হলেও এর সব ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে


কাতারএনার্জির ফোর্স মেজরের মেয়াদ বাড়ানোর খবরে বাংলাদেশেও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, কাতার এলএনজি সরবরাহ না করলে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কেনার প্রয়োজন হতে পারে।

গত ডিসেম্বরে এক কার্গো এলএনজি আমদানি করতে ৪৮০ কোটি টাকা প্রয়োজন হতো। এখন খোলা বাজার থেকে একই পরিমাণ এলএনজি কিনতে ৯৮০ কোটি থেকে এক হাজার কোটি টাকা লাগছে। অর্থাৎ ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ।

পেট্রোবাংলা প্রতি মাসে ১০ কার্গো এলএনজি আমদানি করে। হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক হলে এলএনজি বাবদ সরকারের ব্যয় কমে আসার কথা থাকলেও ফোর্স মেজরের মেয়াদ বাড়ানোর খবরে পরিস্থিতি আরও দীর্ঘমেয়াদি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখন (ফোর্স মেজর ঘোষণার পর) কাতার থেকে এলএনজি আনি না। ওমান থেকে আনি। আর স্পট মার্কেট থেকে কিনি। সুতরাং ফোর্স মেজরের প্রভাব বাংলাদেশে পড়বে না।’

তবে অন্য এক কর্মকর্তা বলেন, ‘ফোর্স মেজরে এখনই বাংলাদেশের ওপর প্রভাব না পড়লেও ভবিষ্যতে স্পট মার্কেট থেকে আরও বেশি এলএনজি আমদানি করতে হলে আমদানি খরচ বৃদ্ধির শঙ্কা রয়েছে। স্পটের চেয়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে তুলনামূলকভাবে কম দামে এলএনজি পাওয়ার সম্ভাবনা থাকে সাধারণত।’
/ইউএস/
সম্পর্কিত
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
‘সরবরাহ’ নিয়ে ব্যবসায়ীদের বড় বার্তা, নিত্যপণ্যের দাম বাড়বে কি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
ফুটবলের নিয়ম ঠিক করে কারা?
ফুটবলের নিয়ম ঠিক করে কারা?
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
বিকল ট্রাকের নিচে কাজ করছিলেন কয়েকজন, আরেক গাড়ির ধাক্কায় নিহত ২
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে