রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।







