লাইফস্টাইল শব্দটি ছোট হলেও এর ব্যাপ্তির কোনও পরিসীমা নেই। সাতটি বর্ণের মধ্যে শব্দটি বেঁধে ফেলা গেলেও পাতার পর পাতা লিখেও এর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এমনিতেই জীবন মানেই সবকিছু, এর সঙ্গে যখন স্টাইল যোগ হয়, তখন আরও অনেক কিছু হয়ে ওঠে। আর পত্রিকার পাতায় যখন লাইফস্টাইল প্রকাশের দায়িত্ব নেওয়া হয়, তখন পরিসীমাটি আরেকটু বেড়ে যায়।
শিরোনামে লেখা ‘থালা-বাসন থেকে রেড কার্পেট’ সবই লাইফস্টাইল। এই লাইফস্টাইল নিয়েই আমাদের কাজ। বাসন কিভাবে চকচকে হবে, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে গায়িকা অ্যাডেলে কোন পোশাক পরে হাঁটছেন, সন্তান কথা শুনছে না, কোন ওষুধ খাবেন না, বিছানা গোছানোর ১০ নিয়ম- সবই জীবনযাপনের অংশ। এসব যাপিত জীবন নিয়েই লাইফস্টাইল বিভাগ কাজ করে।
তারকাদের অন্দরমহল, রেসিপি, ফ্যাশন হাউসগুলোর নিয়মিত আপডেট, পোশাকে যত্ন, ঘরের সজ্জা থেকে শুরু করে অফিসে যাওয়ার টিপস, রূপচর্চা, স্থাস্থ্যচর্চা, সম্পর্ক সবকিছুরই দেখা মিলবে এখানে।
বাংলা ট্রিবিউনের লাইফস্টাইল বিভাগটিও এর ব্যতিক্রম নয়। জীবনের খুঁটিনাটি তুলে ধরতেই নিরলস কাজ করে যায় এখানকার কর্মীরা। এই বিভাগের সবচেয়ে জনপ্রিয় অংশ হচ্ছে ভুরিভোজ।
আমাদের রয়েছে ফটোফিচার বিভাগ। শুধু ফটোফিচার না উৎসবকে কেন্দ্র করে পোশাক কেমন হবে, কোথায় কোন আয়োজন হচ্ছে।
আরও পড়তে পারেন: শফিক রেহমানের প্রশ্ন : বাংলা ট্রিবিউন টাকা দেয়?
আপনি বাড়িতে কী রাঁধবেন, কিভাবে ঘর সাজাবেন, সবকিছুতে পাঠককে পরামর্শ দেওয়ার চেষ্টা করে লাইফস্টাইল। এরসঙ্গে আছে তারকাদের জীবনধারা। নিয়মিতই দেশের সব অঙ্গনের তারকাদের সকাল, দুপুর, বিকেলের খোঁজ দেওয়া হয় এখানে। কার কী খাবার প্রিয়, কোন পোশাক পরছেন, কোথায় বেড়াতে যাচ্ছেন, এগুলোর সংবাদও প্রকাশিত হয় লাইফস্টাইলের পাতায়। শুধু দেশি তারকা নয়, আন্তর্জাতিক তারকাদের দিনলিপির খোঁজ দিতে আছে 'ভিনদেশি স্টাইল'। কান, অস্কার বা হলিউড ফ্যাশন নাইটে সবচেয়ে সেরা পোশাক কার, কে কেমন করে চুল বেঁধেছিলেন। অ্যাঞ্জেলিনা জোলির আংটি কিংবা ব্র্যাড পিটের জুতা- সব কিছু নিয়েই সংবাদ পাবেন এখানে। শুধু হলিউড নয়, বলিউডও কিন্তু বাদ যায় না। বিপাশার বিয়ে, সোনমের আকর্ষণীয় পোশাক, নার্গিস ফকরির স্টাইল থেকে শুরু করে সবই আছে এখানে। আদব-কেতা আর নিয়মিত টিপস তো আছেই এখানে।
জীবনধারাকে বদলাতে নয়, সুগঠিত করতেই এই বিভাগ কাজ করে যায় নিরন্তর। ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয় কোনও কিছুই, বাংলা ট্রিবিউনের লাইফস্টাইলেরও হতে পারে। পাঠকের সমালোচনার ভিত্তিতে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি আমরা। চেষ্টা করি সব উৎসব-আয়োজনে সুখে-দুঃখে পাঠকদের পাশেই থাকতে।
লেখক: ইনচার্জ, লাইফস্টাইল, তারুণ্য ও ক্যাম্পাস।



