দিনাজপুরে ডেইরি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আদালত। সমন জারির নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজিরা না দেওয়ায় মঙ্গলবার দুপুরে দিনাজপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএফএম আহসানুল হক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরপরই মাহফুজ আনামের পক্ষে আইনজীবীরা হাইকোর্টের ৩ মাসের স্থগিতাদেশের অনুলিপি আদালতে দাখিল করলে মামলার কার্যক্রম আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত করেন একই আদালত।
গত ১৫ ফেব্রুয়ারি অপরাধমূলক ষড়যন্ত্র, অসৎ উদ্দেশ্যে সত্য তথ্য গোপন, জনগণের মাঝে বিভেদ ছড়াতে অসত্য সংবাদ পরিবেশনের অভিযোগে দণ্ড বিধি আইনের ১২০(খ)(২)৪১৭/৫০৫(ঘ) ধারায় মামলা করেন দিনাজপুর আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ। মামলা নম্বর ৬৪ সিআর/১৬।
মামলার বিবরণ থেকে জানা যায়, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের অঙ্গ সংগঠনের নেতাদের প্রতি বাংলাদেশের জনগণের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও অপ-অভিপ্রায় সৃষ্টির লক্ষ্যে একটি সংস্থার নির্দেশ বাস্তবায়নে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা, বিকৃত তথ্য গুজব ও মনকড়া সংবাদ প্রকাশ করে। যা প্রকাশের পর জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ওই দিনই মাহফুজ আনামকে ১৪ জুনের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। এ মামলাটি বাদী পক্ষে পরিচালনা করছেন আইনজীবী অ্যাডভোকেট হযরত আলী বেলাল।
/এসএনএইচ/টিএন/







