প্রয়াত রাজনীতিক আলী রেজা রাজুর মরদেহ যশোরে পৌঁছেছে। রাজনৈতিক নেতারা ছাড়াও বিপুল সংখ্যক কর্মী ও তার অনুসারী যশোর বিমানবন্দর থেকে মরহুমের মরদেহ গ্রহণ করেন।
শনিবার বেলা একটা ৩৫ মিনিটে আলী রেজা রাজুকে বহনকারী হেলিকপ্টারটি যশোর বিমান বন্দরে অবতরণ করে। হেলিকপ্টারে মরদেহের সঙ্গে আসেন রাজুর শ্যালক জহিরুল ইসলাম, জামাতা চিত্রনায়ক ফেরদৌস এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পাঠাগারবিষয়ক সম্পাদক দেলোয়ার রহমান দিপু।
এর আগে বিমানবন্দরে মরদেহ গ্রহণের জন্য বিমান বন্দরে হাজির হন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যকরি সভাপতি রবিউল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদসহ রাজনৈতিক নেতাকর্মীরা।
বেলা পৌনে ২টার দিকে আলী রেজা রাজুর মরদেহ হেলিকপ্টার থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। বিমানবন্দর থেকে মরদেহ আনা হয় মরহুমের যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসভবনে। বিকেল তিনটা পর্যন্ত মরদেহ বাসভবনে থাকবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
পরে বিকেল তিনটা থেকে আছর পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ থাকে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে। বাদআছর কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে আলী রেজা রাজুকে তার বাড়ির পাশে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদ-সংলগ্ন স্থানে দাফন করা হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন বর্ষীয়ান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য যশোরের সর্বজন শ্রদ্ধেয় নেতা আলী রেজা রাজু।
আরও পড়ুন-
সরকারি চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়স ৬০ বছর
/এফএস/








