রাজশাহী মহানগরীর বি বি হিন্দু অ্যাকাডেমি স্কুলের এক ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে স্কুলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার প্রতিষ্ঠানটির ইসলাম ধর্মের শিক্ষক গোলাম রাব্বানী পিস টিভি বন্ধ প্রসঙ্গে নবম শ্রেণির এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে সাম্প্রদায়িক বক্তব্য দেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার নিয়ে কটূক্তি করেন।
এ ঘটনায় স্কুলের সিনিয়র শিক্ষক রঞ্জনা চট্টোপাধ্যায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহিল বাকীসহ আরও তিন শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বি বি হিন্দু অ্যাকাডেমি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার বলেন,তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাকাডেমির পরিচালনা পর্ষদের অ্যাডহক সভাপতি জগদিশ চন্দ্র সরকার বলেন, প্রধান শিক্ষককে বলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
তবে গোলাম রাব্বানী তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন,শনিবারের ক্লাসে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি। আর এসব আলোচনা হওয়ার কোন কারণ নেই। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রশ্নই আসে না।
গোলাম রাব্বানী ১৯৮৮ সাল থেকে বি বি হিন্দু অ্যাকাডেমিতে ইসলাম ধর্মের শিক্ষক হিসেবে কর্মরত। তিনি নগরীর কোর্ট এলাকায় হোমিওপ্যাথির প্র্যাকটিসও করেন। ৫ বছর আগে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তখন তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা হয়েছিল। বতর্মানে তিনি ওই মামলায় জামিনে আছেন।
/এমএসএম/







